ভেনেজুয়েলা ও দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ‘বড় আকারের হামলা’ চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার কথা স্বীকার করে ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেছেন, এই অভিযানের পর মাদুরো ও তার স্ত্রীকে ‘আটক করে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে’।
এই হামলার পর ভেনেজুয়েলা সরকার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুরুতর সামরিক আগ্রাসনের অভিযোগ এনেছে। পাশাপাশি অন্যান্য দেশও এই হামলার প্রতিক্রিয়া জানিয়েছে।
মাদুরোর সরকার বলেছে, ভেনেয়েলার ভূখণ্ড ও জনগণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকার যে অত্যন্ত গুরুতর সামরিক আগ্রাসন চালিয়েছে তা আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে প্রত্যাখ্যান এবং নিন্দা তৈরি করেছে।
শনিবার (৩ জানুয়ারি) ভোরে ভেনেজুয়েলায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। খবর আলজাজিরার।
হামলার পর প্রাথমিক এক বিবৃতিতে মাদুরো যুক্তরাষ্ট্রকে ‘অত্যন্ত গুরুতর সামরিক আগ্রাসনের’ জন্য অভিযুক্ত করেছেন। অন্যান্য দেশগুলোর হামলার প্রতিক্রিয়ায় যা বলছে:
কলম্বিয়ার প্রতিক্রিয়া
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, পুরো বিশ্বকে সতর্ক করছি যে, তারা (যুক্তরাষ্ট্র) ভেনেজুয়েলায় হামলা চালিয়েছে। কলম্বিয়া প্রজাতন্ত্র তার দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করে যে, শান্তি, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং জীবন ও মানবিক মর্যাদা রক্ষাকে যে কোনো ধরণের সশস্ত্র সংঘাতের উপর প্রাধান্য দিতে হবে।
‘সন্ত্রসী হামলা’ বলল কিউবা
প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল বারমুদেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা জারি করে ওয়াশিংটনকে ভেনেজুয়েলার বিরুদ্ধে ‘সন্ত্রসী হামলা’ চালানোর অভিযোগ করেছেন এবং জরুরি আন্তর্জাতিক প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানিয়েছেন।
এক্সে এক পোস্টে দিয়াজ-ক্যানেল বলেন, কিউবার তথাকথিত ‘শান্তির অঞ্চল’ ‘নির্মমভাবে আক্রমণ’ করা হচ্ছে। মার্কিন এই পদক্ষেপকে কেবল ভেনেজুয়েলার জনগণের প্রতি নয়, পুরো উত্তর আমেরিকার জন্য ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ হিসেবে বর্ণনা করেছেন তিনি।
‘স্বদেশ বা মৃত্যু, আমরা জয় করবই’ বিপ্লবী এই স্লোগান দিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।
বিশ্বের বিভিন্ন দেশে কিউবার দূতাবাস থেকে পোস্ট করা এক বিবৃতিতে হাভানা ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন সামরিক হামলার নিন্দা জানিয়েছে। তারা এই হামলাকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ হিসেবে বর্ণনা করে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি প্রতিক্রিয়া দাবি করেছে।
তীব্র নিন্দা ইরানের
এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হামলা এবং দেশটির জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘনের তীব্র নিন্দা জানায়।
অধিকার নিশ্চিতের তাগিদ রাশিয়ার
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভেনেজুয়েলাকে অবশ্যই বাইরে থেকে কোনো ধ্বংসাত্মক সামরিক হস্তক্ষেপ ছাড়াই নিজের ভাগ্য নির্ধারণের অধিকার নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে বলা হয়, আমরা ভেনেজুয়েলার জনগণের প্রতি আমাদের সংহতি পুনর্ব্যক্ত করছি এবং দেশের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় ভেনেজুয়েলার নেতৃত্বের নীতির প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছি।
সময়ের আলো/ এসকে/