পুনরায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিনটি চুনা ও একটি ঢালাই কারখানা ভেঙে গুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৪ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পিরোজপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়মা রাইয়ান। এ সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মেঘনা ঘাট অঞ্চলের ম্যানেজার সুরজিত সাহা, সোনারগাঁও থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
মেঘনা ঘাট অঞ্চলের ম্যানেজার সুরজিত সাহা জানান, সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের দুটি এবং সোনারগাঁ অর্থনীতি অঞ্চলের পাশে দুটি কারখানা দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে। এ চক্রটি প্রতিদিন ২৪ হাজার ঘনফুট গ্যাস ব্যবহার করছেন। ফলে প্রতিমাসে সরকার মোটা অঙ্কের রাজস্ব বঞ্চিত হচ্ছে।
তিনি বলেন, এর আগেও এসব কারখানায় তিতাস কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করে। কিন্তু অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পরদিনই সংযোগ নিয়ে পুনরায় ব্যবসা চালু করে তারা। খবর পেয়ে এসব কারখানায় অভিযান চালিয়ে ভাট্টিগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, অভিযানকালে অবৈধ ব্যবসায়ীরা পলাতক থাকার কারণে তাদের জেল জরিমানা করা সম্ভব হচ্ছে না। তবে ৬৫০ ফুট পাইপ জব্দ করা হয়েছে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানায়, অবৈধভাবে গড়ে উঠা কারখানাগুলোতে একের পর এক অভিযান পরিচালনা করে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কিন্তু তিতাস গ্যাস কোম্পানির কর্মকর্তা, কর্মচারীদের সহযোগিতায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে পুনরায় অবৈধভাবে সংযোগ দেওয়া হয়। পাশাপাশি এসব অসাধু কর্মকর্তা-কর্মচারীরা অভিযানের খবর আগেই প্রচার করে দেয় বলেও জানান তারা।
এফআর