প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৪:০০ এএম
কাসোভারি পাখি। সংগৃহীত ছবি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গভীর বনাঞ্চল থেকে শুরু করে পাপুয়া নিউ গিনির দুর্গম অরণ্য এই বিস্তীর্ণ অঞ্চলে বিচরণকারী কাসোভারি পাখি দীর্ঘদিন ধরেই মানুষের কাছে রহস্য, ভয় ও কৌতূহলের প্রতীক।
মাথায় হেলমেটের মতো শক্ত ক্যাস্ক, শক্তিশালী লম্বা পা এবং ডাইনোসরের সঙ্গে মিল থাকা শারীরিক গঠন কাসোভারিকে বিশ্বের অন্যতম ভয়ংকর পাখি হিসেবে পরিচিত করেছে। ইতিহাসে মাত্র দুটি প্রাণঘাতী ঘটনার কারণে এই পাখিকে ‘সবচেয়ে বিপজ্জনক পাখি’ আখ্যা দেওয়া হলেও বিজ্ঞানী ও পরিবেশবিদদের মতে প্রকৃত চিত্রটি ভিন্ন।
গবেষণায় উঠে এসেছে, কাসোভারি মূলত লাজুক ও নিভৃতচারী প্রাণী, যার আগ্রাসী আচরণ অধিকাংশ ক্ষেত্রেই মানুষের কর্মকাণ্ডের প্রতিক্রিয়া। বন উজাড়, আবাসস্থল ধ্বংস এবং মানুষের সঙ্গে অযাচিত যোগাযোগ এই পাখিকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। অথচ বনজ পরিবেশে কাসোভারির ভূমিকা অনস্বীকার্য। বীজ বিস্তারের মাধ্যমে তারা নতুন বন গড়ে তুলতে সাহায্য করে এবং বহু বিরল উদ্ভিদের অস্তিত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডাইনোসরের জীবন্ত উত্তরাধিকার হিসেবে পরিচিত এই পাখি শুধু একটি প্রজাতিই নয়, বরং পুরো বনজ ইকোসিস্টেমের নীরব রক্ষক। কাসোভারির জীবন, কিংবদন্তি, বৈজ্ঞানিক গুরুত্ব এবং সংরক্ষণ সংকট নিয়েও আছে নানা আলোচনা।
কাসোভারির শারীরিক ক্ষমতা ও আচরণ : কাসোভারি প্রায় ৫৭৫ পাউন্ড পর্যন্ত ওজনের হয়ে উঠতে পারে। এদের শক্তিশালী লম্বা পা দিয়ে আঘাত অস্থি ভাঙতে পারে এবং অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত করতে সক্ষম। ‘এই পাখিগুলো দেখতে যেন ভেলোসিরাপ্টর, ইমু এবং দৈত্য টার্কির সংমিশ্রণ,’ বলেছেন শিশু বই লেখক বিবারলি ম্যাকউইলিয়ামস। কিন্তু প্রকৃতিতে কাসোভারির আগ্রাসন খুবই কম। ১৯২৬ সালে অস্ট্রেলিয়ার এক কিশোর এবং ২০১৯ সালে ফ্লোরিডার এক ব্যক্তি নিহত হয়েছেন। ‘কাসোভারির আক্রমণ সাধারণত ঘটে যখন মানুষ তাদের খাবারের সঙ্গে পাখিকে যুক্ত করে,’ বলেন ম্যাকউইলিয়ামস। এ ছাড়া তারা খাদ্য, ডিম বা বাচ্চাদের সুরক্ষা দেওয়ার জন্য প্রতিরক্ষা আক্রমণ করতে পারে, যা মানুষের কাছে ভয়ংকর মনে হয়।
ইতিহাস ও তাত্ত্বিক দিক : কাসোভারি সরাসরি থেরোপড ডাইনোসরের বংশধর। ‘কাসোভারির হেলমেটের মতো ক্যাস্ক তাদের ডাইনোসরের সঙ্গে যুক্ত বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম, যা প্যালিওন্টোলজিস্টদের জন্য সময়যন্ত্রের মতো কাজ করে,
বলেছেন টড গ্রিন, নিউইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজির প্যালিওন্টোলজিস্ট। এই ক্যাস্ক শরীরের তাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে। কাসোভারির চলাফেরা, পা ও চঞ্চু পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা প্রাগৈতিহাসিক ডাইনোসরের আচরণ কল্পনা করতে পারেন।
সংস্কৃতি ও পরিবেশগত গুরুত্ব : কাসোভারি স্থানীয় জনগোষ্ঠীর কাছে প্রায় ৯ হাজার বছর ধরে গুরুত্বপূর্ণ। পাপুয়া নিউ গিনির লোককথায় এরা প্রায়শই নায়ক হিসেবে উল্লেখিত।
‘একটি সৃষ্টিকাহিনিতে কাসোভারি প্রথম মানুষে রূপান্তরিত হয়,’ লেখক ম্যাকউইলিয়ামস উল্লেখ করেছেন। এরা বনজ পরিবেশে বীজ বিস্তার করে নতুন গাছ জন্মাতে সাহায্য করে। উদাহরণস্বরূপ Ryparosa kurrangii গাছ কাসোভারির মাধ্যমে বীজ না পেলে মাত্র ৪ শতাংশ জন্ম নেয়, কিন্তু কাসোভারির পাকস্থলির মাধ্যমে গেলে ৯২ শতাংশ বীজ জাগরণ করে।
খ্যাতি ও মানব সংঘাত : কাসোভারির কুখ্যাতি মূলত দুটি মৃত্যুর কারণে তৈরি হয়েছে। কিন্তু মানুষের জন্য প্রকৃত বিপদ নয়। ‘মানুষদের প্রতি কৌতূহলকে আগ্রাসনে বিভ্রান্ত করা উচিত নয়,’ বলেন অ্যালেন শিথার, Rainforest Rescue-Gi Cassowary Recovery Team-এর সদস্য।
তিনি আরও বলেন, কাসোভারি মানুষের প্রতি সাধারণত আগ্রাসন দেখায় না, বরং তারা কৌতূহল প্রকাশ করে।
বনজ ইকোসিস্টেমে ভূমিকা : কাসোভারি বনাঞ্চলের জন্য একটি কীস্টোন প্রজাতি। তারা ফল খায় এবং বীজকে দীর্ঘ দূরত্বে ছড়ায়। এই প্রক্রিয়ায় নতুন উদ্ভিদ জন্মায় এবং পুরো বনজ পরিবেশ সচল থাকে। ‘এরা বনজ ইকোসিস্টেমের নীরব রক্ষক,’ বলেন টড গ্রিন। গবেষকরা কাসোভারির বীজ বিস্তারের ওপর নির্ভর করে বহু বিরল গাছের সংরক্ষণ কাজ চালান।
পিতৃত্ব ও পারিবারিক আচরণ : কাসোভারির পিতৃত্ব স্বতন্ত্র। ডিম ইনকিউবেশনের সময় পিতা-মাতা প্রায় ঘরের বাইরে যায় না এবং বাচ্চাদের ১৮ মাস পর্যন্ত লালন করে। ‘কাসোভারি প্রকৃতির সবচেয়ে নিবেদিত বাবা,’ বলেন ম্যাকউইলিয়ামস। এদের পরিবারের সংরক্ষণী আচরণ বনজ প্রজাতিকে নিরাপদ রাখে।
সংরক্ষণ প্রচেষ্টা : দক্ষিণ কাসোভারির সংখ্যা ৫ হাজারের নিচে। ‘কাসোভারিকে শুধু বিপজ্জনক হিসেবে দেখানো অন্যায়, এটি প্রজাতিকে ক্ষতি করতে পারে,’ বলেন ম্যাকউইলিয়ামস। কুইন্সল্যান্ড সরকার সতর্কীকরণ চিহ্ন স্থাপন করেছে এবং শিক্ষা কার্যক্রম চালু করেছে। Rainforest Rescue I Community for Coastal and Cassowary Conservation বনাঞ্চল পুনর্গঠন ও আহত পাখিদের পুনর্বাসনে কাজ করছে।
মানব-বন্য প্রাণী সহাবস্থান : সতর্কতা ও দূরত্ব বজায় রেখে কাসোভারির সঙ্গে মানুষের সহাবস্থান সম্ভব। টড গ্রিন বলেন, ‘তাদের কৌতূহল, বুদ্ধিমত্তা এবং আকর্ষণীয় উপস্থিতি কখনো ক্লান্তি আনে না। এরা প্রশংসার যোগ্য।’
সময়ের আলো/এআর