ইরানের ওপর ফের মার্কিন নিষেধাজ্ঞা

সময়ের আলো ডেস্ক

ওমানে আলোচনা শেষ হতেই ইরানের তেল রফতানির ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার যুক্তরাষ্ট্র এ-সংক্রান্ত বিবৃতি প্রকাশ করেছে বলে

2026-02-08T03:26:24+00:00
2026-02-08T03:26:24+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
ইরানের ওপর ফের মার্কিন নিষেধাজ্ঞা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৬ এএম 
সংগৃহীত ছবি
ওমানে আলোচনা শেষ হতেই ইরানের তেল রফতানির ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার যুক্তরাষ্ট্র এ-সংক্রান্ত বিবৃতি প্রকাশ করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র টমি পিগট জানান, ‘ইরান তেল থেকে প্রাপ্ত রাজস্ব ব্যবহার করে বিশ্বজুড়ে অস্থিতিশীল কর্মকাণ্ডে অর্থ জোগায় ও দেশের ভেতরে দমন-পীড়ন আরও জোরদার করে।’ 

বিবৃতিতে পিগট বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চাপ নীতির আওতায় ইরানি সরকারের অবৈধ তেল ও পেট্রোকেমিক্যাল রফতানি কমিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ।’ পররাষ্ট্র দফতর জানায়, ইরানি তেল পরিবহনে জড়িত বলে সন্দেহভাজন ১৪টি জাহাজের সঙ্গে সব ধরনের লেনদেন বন্ধের নির্দেশ দেওয়া হবে। এসব জাহাজের মধ্যে তুরস্ক, ভারত ও সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী জাহাজও রয়েছে। এ ছাড়া ১৫টি প্রতিষ্ঠান ও দুই ব্যক্তির ওপরও নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়া হয়েছে।

ট্রাম্পের প্রথম প্রশাসনের সময় থেকেই যুক্তরাষ্ট্র অন্যান্য দেশগুলোকে ইরানি তেল রফতানি বন্ধ করতে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে আসছে। শুক্রবার ওমানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে ট্রাম্পের বিশেষ শান্তি দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেন। ওই আলোচনার পরিবেশকে ‘ইতিবাচক’ আখ্যা দেন আরাঘচি। এর আগে ট্রাম্প ইরানের বিরুদ্ধে শক্তি প্রয়োগের হুমকি দেন এবং ইরানের উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও জোরদার করেন।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষরের পর বলেছেন, তিনি ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করতে পারেন। ওই আদেশে কত শতাংশ হারে শুল্ক আরোপ করা হবে তা বলা হয়নি। তবে উদাহরণ হিসেবে ২৫ শতাংশ শুল্কের কথা বলা হয়েছে। 

এতে বলা হয়, ইরান থেকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কোনো পণ্য বা সেবা ক্রয়, আমদানি বা অন্য কোনোভাবে সংগ্রহ করা হলে এমন যেকোনো দেশ থেকে যুক্তরাষ্ট্রে রফতানি করা পণ্যের ওপর এই শুল্ক প্রযোজ্য হবে।

নির্বাহী আদেশটির বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি ট্রাম্প। তবে শুক্রবার রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি আবারও বলেছেন, ইরানের হাতে ‘কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না’। এটি এমন সময়ে হলো যখন ওমানে আলোচনা করছিলেন যুক্তরাষ্ট্র ও ইরানের সিনিয়র কর্মকর্তারা। 

এর আগে কয়েক সপ্তাহ ধরে পাল্টাপাল্টি হুমকি আসছিল উভয় পক্ষ থেকেই। এর আগে চলতি বছরের শুরুতে নিজের সামাজিকমাধ্যম সোশ্যাল ট্রুথ-এ ট্রাম্প ইরানের সঙ্গে যেসব দেশ ব্যবসা করে তাদের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন।

গত ১২ জানুয়ারি তিনি লিখেছিলেন, ‘অবিলম্বে কার্যকর হবে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে মার্কিন যুক্তরাষ্ট্র।’ ওই সময় এই শুল্ক কীভাবে কার্যকর হবে তা নিয়ে বিস্তারিত আর কিছু বলা হয়নি। 

প্রসঙ্গত, ইরানের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার চীন, এর পরেই রয়েছে ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও ভারত। হোয়াইট হাউস বলছে ইরানকে ঘিরে জাতীয় জরুরি পরিস্থিতির বিষয়টিই উঠে এসেছে সর্বশেষ নির্বাহী আদেশে। তবে একই সঙ্গে বলা হয়েছে, পরিস্থিতির পরিবর্তন হলে প্রেসিডেন্ট প্রয়োজনে এই আদেশে সংশোধন আনতে পারেন।

এতে বলা হয়, প্রেসিডেন্ট পারমাণবিক সক্ষমতা অর্জনের চেষ্টা, সন্ত্রাসবাদে সমর্থন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টির জন্য ইরানকে দায়ী করছেন। এসব কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের নিরাপত্তা, মিত্র দেশগুলো ও স্বার্থের জন্য হুমকি সৃষ্টি করছে। ইরানের দিক থেকে এসব বিষয়ে এখনও কোনো মন্তব্য আসেনি।

ওদিকে শুক্রবার থেকেই ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা শুরু হয়েছে। গত জুনে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমাবর্ষণের পর এটিই যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের নিয়ে প্রথমবারের মতো কোনো আলোচনা। বৈঠকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। অন্যদিকে মার্কিন দলটিতে ছিলেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।

এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আরও বলেন, শুক্রবারের আলোচনা ছিল খুবই ভালো এবং ইরান সমঝোতায় পৌঁছাতে খুবই আগ্রহী বলে মনে হচ্ছে। তারা যদি চুক্তি না করে তা হলে পরিণতি হবে খুবই খারাপ। একই সঙ্গে তিনি জানান যে, আগামী সপ্তাহেই আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি এ আলোচনায় মধ্যস্থতা করছেন। তিনি বলেছেন, এ বৈঠক ইরান ও যুক্তরাষ্ট্রের চিন্তাধারা ও সম্ভাব্য অগ্রগতির ক্ষেত্রগুলোকে চিহ্নিত করতে সহায়ক হবে। ওদিকে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলোচনাকে ‘একটি সুন্দর শুরু’ হিসেবে বর্ণনা করেছেন। 

তিনি বলেছেন, ‘একটি ইতিবাচক পরিবেশ বিরাজ করছিল’। তিনি জানান, আলোচনায় যারা অংশ নিয়েছেন তারা এখন নিজ দেশের রাজধানীতে ফিরবেন আলোচনার জন্য। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনা দুই দেশের মধ্যে সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। ট্রাম্প বুধবারই বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে ‘খুবই চিন্তিত’ হওয়া উচিত।

প্রেসিডেন্ট বলেছেন, ইরান পারমাণবিক কর্মসূচির বিষয়ে সমঝোতায় পৌঁছাতে না চাইলে মধ্যপ্রাচ্যের দেশটির ওপর হামলার প্রস্তুতি নেবেন তিনি। ইরান বরাবরই বলে আসছে যে, দেশটির পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ এবং দেশটির বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির যে অভিযোগ যুক্তরাষ্ট্র ও তার সহযোগীরা করে আসছে, তা ইরান প্রত্যাখ্যান করে আসছে। 

যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। ইরানে গত মাসে বড় ধরনের সরকারবিরোধী বিক্ষোভে ইরানের দমন পীড়নের প্রতিক্রিয়ায় সেখানে বড় নৌবহর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মানবাধিকার সংগঠনগুলো বলেছে, কয়েক হাজার মানুষ বিক্ষোভ দমন অভিযানে নিহত হয়েছিল। তবে ইন্টারনেটে বিধিনিষেধ আরোপ করার কারণে সত্যিকার অর্থে কী পরিমাণ রক্তপাত হয়েছে তা এখনও পরিষ্কার নয়।

সময়ের আলো/এআর


  বিষয়:   ইরান  মার্কিন  নিষেধাজ্ঞা 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: