সুস্থ শরীরে সুন্দর শুরু

জীবন যখন যেমন ডেস্ক

বিয়ে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। এই বিশেষ দিনের প্রস্তুতি নিতে গিয়ে অনেক কনে শারীরিক ও মানসিকভাবে নিজেকে অতিরিক্ত চাপে ফেলে

2026-01-06T06:21:13+00:00
2026-01-06T06:21:13+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সুস্থ শরীরে সুন্দর শুরু
জীবন যখন যেমন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৬:২১ এএম 
প্রতীকী ছবি
বিয়ে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। এই বিশেষ দিনের প্রস্তুতি নিতে গিয়ে অনেক কনে শারীরিক ও মানসিকভাবে নিজেকে অতিরিক্ত চাপে ফেলে দেন। বিয়ের আগে দ্রুত ওজন কমানো, কড়া ডায়েট, আবার একই সঙ্গে অনুষ্ঠান, শপিং ও ভবিষ্যৎ জীবন নিয়ে দুশ্চিন্তা—সব মিলিয়ে শরীর ও মন দুটোই ক্লান্ত হয়ে পড়ে। অথচ বিয়ের আগে প্রস্তুতির মূল লক্ষ্য হওয়া উচিত সুস্থ থাকা, নিজের ওপর আত্মবিশ্বাস রাখা এবং এই সময়টা উপভোগ করা।

অনেক কনে মনে করেন, বিয়ের আগে ৫-৭ কেজি ওজন কমানো জরুরি। তাই শুরু হয় কঠোর ডায়েট— সকালে ওটস, দুপুরে একটি আপেল, সারা দিন ফলের রস আর সন্ধ্যায় এক কাপ গ্রিন টি। এমন ডায়েটে অল্প সময়ে ওজন কমলেও দেখা দেয় নানা শারীরিক সমস্যা। ঘন ঘন মাথা ঘোরা, চোখের নিচে কালি, দুর্বলতা, কর্মক্ষমতা কমে যাওয়া— এসব সমস্যা বিয়ের আগে বড় বিপদ ডেকে আনতে পারে। তাই বিয়ের আগে ডায়েট মানে নিজেকে না খাইয়ে কষ্ট দেওয়া নয়; বরং প্রয়োজন ব্যালান্সড, পুষ্টিকর ও টেকসই খাদ্যাভ্যাস।

বিয়ের আগে ডায়েটের প্রধান উদ্দেশ্য শুধু ওজন কমানো নয়। শরীরকে ডিটক্স করা, ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখা এবং মানসিকভাবে ফিট থাকাও সমান গুরুত্বপূর্ণ। দিনের শুরু হওয়া উচিত হালকা কিন্তু পুষ্টিকর খাবার দিয়ে। সকালে খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানি বা লেবুপানি হজম শক্তি বাড়াতে সাহায্য করে। নাশতায় ওটস, লাল আটার রুটি, সেদ্ধ ডিম, ফল ও এক কাপ গ্রিন টি শরীরকে প্রয়োজনীয় শক্তি দেয় এবং সারা দিন ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে।

দুপুরের খাবারে কার্বোহাইড্রেট, প্রোটিন ও শাকসবজির সুষম সমন্বয় থাকা জরুরি। ভাত বা রুটির সঙ্গে মাছ, মুরগি কিংবা ডাল এবং পর্যাপ্ত সবজি রাখা ভালো। ভাজাপোড়া ও অতিরিক্ত তেলযুক্ত খাবার এড়িয়ে চলা উচিত। দুপুরের খাবার কখনোই বাদ দেওয়া ঠিক নয়, কারণ এতে শরীরের এনার্জি লেভেল বজায় থাকে। 

বিকালে অস্বাস্থ্যকর স্ন্যাকসের বদলে বাদাম, চিড়া-মুড়ি, দই বা ফল খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে। 

রাতের খাবার হওয়া উচিত হালকা— সবজি স্যুপ, সালাদ বা অল্প পরিমাণ মাছ-মুরগি ও রুটি। ঘুমানোর অন্তত দুই ঘণ্টা আগে রাতের খাবার শেষ করাই ভালো। পানির গুরুত্ব এখানে আলাদা করে বলার অপেক্ষা রাখে না। 

প্রতিদিন ৮-১০ গ্লাস পানি শরীর ডিটক্স করতে সাহায্য করে এবং ত্বক উজ্জ্বল রাখে। ডাবের পানি, চিনি ছাড়া লেবু পানি ও গ্রিন টি ডায়েটে রাখা যেতে পারে। পাশাপাশি সফট ড্রিংকস, ফাস্টফুড ও প্রসেসড খাবার যতটা সম্ভব কম খাওয়াই ভালো।

শরীরের পাশাপাশি বিয়ের আগে মানসিক চাপও বড় একটি বিষয়। বিয়ে মানেই নতুন জীবন, নতুন পরিবেশ— ফলে দুশ্চিন্তা হওয়াটাই স্বাভাবিক। স্টেজ কেমন হবে, কোন পার্লারে সাজবেন, কী শাড়ি বা গয়না পরবেন এসব পরিকল্পনার মাঝেই ভবিষ্যৎ সংসার, শ্বশুরবাড়ির মানুষজন কিংবা জীবনসঙ্গীকে নিয়ে নানা প্রশ্ন মাথায় ঘুরতে থাকে। লাভ ম্যারেজ হোক বা অ্যারেঞ্জড, বিয়ের আগে মানসিক চাপ প্রায় সবারই হয়।

এই সময়ে অযথা দুশ্চিন্তা না করে পরিবারের সঙ্গে সময় কাটানো খুব জরুরি। একসঙ্গে বসে বিয়ের পরিকল্পনা করা, দায়িত্ব ভাগ করে নেওয়া মানসিক চাপ অনেকটাই কমিয়ে দেয়। স্ট্রেস হলে কিছু সময় নিজের জন্য রাখুন— বারান্দায় বসে চা পান করুন, প্রিয় গান শুনুন বা কাছের বন্ধুকে ফোন দিন। এতে মন হালকা হবে।

সবশেষে বলা যায়, বিয়ের আগে ডায়েট ও মানসিক প্রস্তুতি দুটোই সমান গুরুত্বপূর্ণ। সঠিক খাবার, পর্যাপ্ত পানি, নিয়মিত বিশ্রাম ও ইতিবাচক মানসিকতা এই চারটি বিষয়ের সমন্বয়েই বিয়ের দিনে পাওয়া যায় কাঙ্ক্ষিত ফিটনেস, উজ্জ্বলতা ও আত্মবিশ্বাস। বিয়ে মানে নতুন শুরু আর সেই শুরুটা হোক সুস্থ শরীর ও শান্ত মন নিয়ে।

এফআর
  বিষয়:   সুস্থ শরীর  সুন্দর শুরু 


Advertisement
Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: