নতুন ধারা ‘ওয়েডিং প্ল্যানার’

জীবন যখন যেমন ডেস্ক

একটি বিয়েতে কত আনুষ্ঠানিকতাই না মানুষ পালন করে থাকে। সবটা মিলেই বিয়ে যেন ঠিক একটি উৎসব। আর সে উৎসবের পরিধি

2026-01-06T06:31:31+00:00
2026-01-06T06:31:31+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
নতুন ধারা ‘ওয়েডিং প্ল্যানার’
জীবন যখন যেমন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৬:৩১ এএম 
ছবি : সংগৃহীত
একটি বিয়েতে কত আনুষ্ঠানিকতাই না মানুষ পালন করে থাকে। সবটা মিলেই বিয়ে যেন ঠিক একটি উৎসব। আর সে উৎসবের পরিধি শুধু বাড়ছেই! আসছে নানা নতুনত্ব। তবে ইদানীং বিয়ের অনুষ্ঠানের খুঁটিনাটি সবকিছু নিয়ে মাথা ব্যথাটা আর কেউ সহজে নিতে চান না। বিয়ের অনুষ্ঠানকে পরিপূর্ণ রূপ দিতে প্রয়োজন সঠিক ম্যানেজমেন্ট। 

অনুষ্ঠানের ভেন্যু, খাবারের মেন্যু ঠিক করা, বর-কনের পাশাপাশি আত্মীয়স্বজনের পোশাক কেনা, যানবাহনের ব্যবস্থা করা, নিমন্ত্রণপত্র ছাপানো, স্টেজ সাজানো, তত্ত্ব গোছানো, ছবি-ভিডিও সবকিছু মাথায় রাখতে হবে। এত কাজ তো আর একার পক্ষে করা সম্ভব নয়। তাই প্রয়োজন হয় ওয়েডিং প্ল্যানারের। সে কারণে ওয়েডিং প্ল্যানিং নিয়ে কাজ করার মতো অনেক ধরনের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এখন রয়েছে আমাদের দেশে।

Advertisement
স্মরণীয় অনুষ্ঠানে স্বপ্ন আর কল্পনার সমন্বয় ঘটাতে অন্তত এক মাস আগে ইভেন্ট প্ল্যানার প্রতিষ্ঠানকে কাজ বুঝিয়ে দেওয়া ভালো। কাজ বোঝানোর সময় ঠিক কীভাবে আয়োজন করতে চাচ্ছেন, কী ধরনের সাজসজ্জা ও থিম থাকবে এবং সেসবের বাস্তবায়ন কীভাবে হবে তার খুঁটিনাটি নিয়ে বিস্তারিত আলাপ সেরে রাখুন। 

সার্থক অনুষ্ঠান আয়োজনের পুরো বিষয়টি আয়োজক ও ব্যবস্থাপক— উভয় পক্ষের মধ্যে স্বচ্ছ হওয়া জরুরি। প্রয়োজনে একাধিকবার আলোচনায় বসা যেতে পারে। এ ছাড়া আপনার সাধ্য ও সীমাবদ্ধতা, কর্মী হিসেবে যারা কাজ করছেন তাদের আলাদা পারিশ্রমিক দেওয়া হবে কি না, অনুষ্ঠান কালার থিমে হবে, না ক্রিয়েটিভ থিমে— এ ধরনের বিষয়গুলো আগেই আলোচনা করে নিলে আয়োজনটা গোছানো ও পরিপাটি হবে।

শহুরে বিয়েবাড়িতে হলুদ বা মেহেদি সন্ধ্যায় গানবাজনা একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। অনুষ্ঠানে ডিজে চাইলে সেখানে কী ধরনের গান বাজানো হবে, কোনো অতিরিক্ত যন্ত্রপাতির প্রয়োজন হবে কি না, আলোকসজ্জা কেমন হবে, কোন শিল্পীকে আনা হবে— সবকিছু আগেভাগেই নিশ্চিত হয়ে নিন। 

বিয়েবাড়িতে সাউন্ড ও ডিজে দল চাইলে সেটিও জানিয়ে রাখুন ইভেন্ট প্ল্যানারকে। বিয়ের বাহন ঠিক করার দায়িত্বও দিতে পারেন তাদের। থিম অনুযায়ী পালকি, ঘোড়ার গাড়ি বা গাড়িভাড়া ও সাজানো— সব ব্যবস্থা করে দেয় ইভেন্ট প্ল্যানার প্রতিষ্ঠান। বাজেট ও চাহিদার ওপর নির্ভর করবে ওয়েডিং অনুষ্ঠান আয়োজনের সাজসজ্জা ও খরচাপাতি।

ডেস্টিনেশন ওয়েডিংয়ের প্রচলন আমাদের দেশে নতুন হলেও বহির্বিশ্বে এই ধারণা বেশ পুরোনো। শহর থেকে দূরে নির্মল পরিবেশে কিংবা কোনো বিশেষ স্থান নির্বাচন করে বিয়ে করে থাকেন অনেকেই। তারকাসহ বিভিন্ন খ্যাতিমান ব্যক্তিদের এমন বিয়ের আয়োজন গণমাধ্যমে দেখে বর্তমানে এই ধারার বিয়ের সঙ্গে সবাই বেশ পরিচিত। সম্প্রতি বাংলাদেশেও এ ধরনের বিয়ের প্রচলন বাড়ছে।

এ ব্যাপারে ওয়েডিং কালারস বাংলাদেশের স্বত্বাধিকারী নীলেশ রনি জানান, এখন ৯ থেকে ১০ ধরনের অনুষ্ঠান হচ্ছে বিয়েতে! বেড়েছে ডেসটিনেশন ওয়েডিং। 

নীলেশ বলেন, ‘ঢাকার বাইরে ডেসটিনেশন ওয়েডিং করছেন অনেকে। তিন থেকে চার দিনের এই আয়োজনে অতিথিদের নিয়ে যাওয়া, প্রতিটি ইভেন্টের থিম বোঝানো, পোশাকের রং ঠিক করা— সবই করে দেন প্ল্যানাররা।’ 

তিনি আরও বলেন, আয়োজনের ব্যাপ্তির ওপর নির্ভর করে খরচ। যদি তারা একই সঙ্গে তিনটি অনুষ্ঠানের আয়োজন করেন, সে ক্ষেত্রে যাতায়াত খরচটা কম পড়ে, যা মূল বাজেটকে কিছুটা কমিয়ে আনে। ঢাকার বাইরে ও ঢাকার ভেতরের যাতায়াত খরচের ক্ষেত্রেও তারতম্য ঘটে। 

নীলেশ জানান, হলুদে ডেকরের ক্ষেত্রে ১ থেকে ২ লাখ টাকা খরচ হয় একটা ভেন্যুর পেছনে। এর বেশিও হতে পারে। এ ছাড়া ছবি তোলার ক্ষেত্রে আয়োজনের সংখ্যা ও সময়ের ওপর নির্ভর করে ৩০ হাজার থেকে শুরু করে ৩ লাখ টাকাও খরচ হতে পারে। এটি সম্পূর্ণ নির্ভর করে আয়োজন যাদের, তাদের চাহিদার ওপর। আর এর বাইরে মূল অনুষ্ঠানসহ আরও বেশ কিছু খরচ রয়েছে যা কি না আলোচনা করে ঠিক করে নেওয়া হয়।


এফআর
  বিষয়:   নতুন ধারা  ওয়েডিং প্ল্যানার  বিয়ে  অনুষ্ঠান 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: