টেকনিক্যাল কারণে সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৯টা ২০ মিনিটে ভোট গণনা স্থগিত করেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান।
তিনি বলেন, ভোট গণনার জন্য আমরা দুটো কোম্পানি থেকে মোট ৬টি মেশিন নিয়ে আসি। কিন্তু কিছুক্ষণ যাবৎ টেকনিক্যাল সমস্যার কারণে এ মুহূর্তে ভোট গণনা স্থগিত করেছি।
সন্ধ্যায় ভোট গণনার কার্যক্রম শুরু হয়। তবে কিছু সময়ের মধ্যেই ওএমআর মেশিনে কারিগরি ত্রুটি দেখা দেয়। ভোট গণনার জন্য মোট ছয়টি ওএমআর মেশিন প্রস্তুত রাখা হলেও ত্রুটির কারণে গণনা কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
উদ্ভূত পরিস্থিতি নিয়ে সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) কনফারেন্স রুমে সহ-সভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসবেন।
বৈঠক শেষে ভোট গণনা সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সময়ের আলো/এআর