স্বল্প ব্যয়ে উষ্ণতার খোঁজে ফুটপাথে...

আদিল সরকার

পঞ্চাশোর্ধ হুমায়ুন আজগর; গায়ে জড়ানো পাতলা সোয়েটার আর গলায় হালকা সবুজ কালারের মাফলার। সবার সঙ্গে দাঁড়িয়ে দেখছেন তিনিও; অন্যদিকে একের

2026-01-07T01:29:22+00:00
2026-01-07T01:29:22+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
স্বল্প ব্যয়ে উষ্ণতার খোঁজে ফুটপাথে...
আদিল সরকার
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১:২৯ এএম   (ভিজিট : ১৩৩)
রাজধানীসহ সারা দেশে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় চাহিদা বেড়েছে গরম কাপড়ের। সংগৃহীত ছবি
পঞ্চাশোর্ধ হুমায়ুন আজগর; গায়ে জড়ানো পাতলা সোয়েটার আর গলায় হালকা সবুজ কালারের মাফলার। সবার সঙ্গে দাঁড়িয়ে দেখছেন তিনিও; অন্যদিকে একের পর এক জ্যাকেট ওলটপালট করে দাম হাঁকাচ্ছেন বিক্রেতা। দুইশ টাকা করে চাইছেন প্রতিটি জ্যাকেটের দাম। অনেকক্ষণ পর কয়েকটি জ্যাকেট নাড়িয়ে নিচ থেকে কালো রঙের একটি মোটা জ্যাকেট বের করলেন, পরক্ষণেই বুকের ওপর নিয়ে মেপে নেওয়ার সঙ্গে মন ভরে দেখছেন কেমন লাগছে নিজেকে! হুমায়ুনের মতো ফুটপাথে বিক্রি হওয়া এমন জ্যাকেট দেখছিলেন আরও কয়েকজন। কেউ কেউ কিছুটা কমিয়েও দাম করছেন পছন্দের জ্যাকেটের। এভাবেই চলছে বেচাকেনা। নানা পেশার শ্রমজীবীসহ মধ্যবিত্তদেরও যেন কমফোর্টের জায়গা এ ফুটপাথ। 

কয়েক দিন ধরে রাজধানীসহ সারা দেশে বইছে শৈত্যপ্রবাহ, জোরেশোরেই নেমেছে এবারের শীত। দেখা মিলছে না সূর্যের আলোর। টানা ঠান্ডায় জবুথবু অবস্থায় শিশু ও বৃদ্ধাসহ তরুণ-তরুণীরা। গরম কাপড়ের চাহিদা এখন তুঙ্গে। বিভিন্ন মার্কেট, শপিংমল ও প্লাজা ছাড়াও রাস্তার পাশে বসা ফুটপাথগুলোতেও উঠেছে অনেক শীতের কাপড়। রাজধানীর প্রায় সব জায়গাতেই ছড়িয়ে রয়েছে এসব ফুটপাথ। যেখানে শীতের নতুন-পুরোনোসহ বিভিন্ন রকমের কাপড় মেলছে। ফলে কেউ কেউ এসব ফুটপাথকে আখ্যা দিচ্ছেন গরিবের ‘ভ্যানপ্লাজা’ হিসেবে। যেখানে ভিড় জমান নানা শ্রেণি-পেশার মানুষজন। দাম-দর করে বেশ স্বাচ্ছন্দ্যেই নিজেদের পছন্দের শীতের পোশাক কিনছেন তারা। এ ছাড়া মার্কেটের চেয়ে কম দামে এসব কাপড় কিনতে পারায় সন্তুষ্ট ক্রেতারা। 

সরেজমিন রাজধানীর নিউমার্কেট, মতিঝিল ও কারওয়ান বাজারসহ কয়েকটি এলাকার ফুটপাথ ঘুরে দেখা যায়, সোয়েটার, জ্যাকেট, প্যাডেড জ্যাকেট, হুডি, ড্যানিম, টুপি ও মাফলারসহ শীতের বিভিন্ন পোশাক রয়েছে সেখানে, যেন পসরা সাজিয়ে বসে আছেন বিক্রেতারা। শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত সব বয়সের জন্যই রয়েছে এসব কাপড়। ১০০ থেকে ৫০০ টাকার মধ্যে রয়েছে নানা স্টাইলের হুডি ও জ্যাকেট। বেশি দামের জ্যাকেটও আছে সেখানে, তবে তার বিক্রি তুলনামূলকভাবে কম। এ ছাড়া সবচেয়ে কম মূল্যে ৫০ টাকাতেও পাওয়া যাচ্ছে বেশ কিছু কাপড়। 

অন্যদিকে ফুটপাথে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের ব্লেজারও, যা সাধারণত আভিজাত্যের পোশাক হিসেবেই পরিচিত। ৩০০ টাকা থেকে শুরু করে হাজারের অধিক টাকারও রয়েছে ব্লেজার। এ ছাড়া শীতে বিক্রি বেড়েছে জুতারও। মতিঝিল এলাকার ফুটপাথে শীতের কাপড় কিনতে আসা কবির হোসেন বলেন, মার্কেটের চেয়ে এসব ফুটপাথেই কাপড় কিনতে ভালো লাগে। কম দামে বিভিন্ন আইটেমের পুরোনো কাপড় পাওয়া যায় এখানে। চারশ টাকা দিয়ে একটা জ্যাকেট কিনলাম। এ বছরটা সুন্দরভাবে কেটে যাবে। সামনের বছর আবারও পছন্দমতো ভিন্ন আইটেমের শীতের কাপড় কিনব। 

অন্যদিকে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, ফুটপাথে পাওয়া শীতের এসব কাপড় প্রায় আসে রাজধানীর সদরঘাট এলাকা থেকে। সেখান থেকে কম দামে একসঙ্গে অনেক কাপড় এনে ধীরে ধীরে তা বিক্রি করেন তারা। 

রহমান হাবিব নামে এক বিক্রেতা বলেন, আমরা লট ধরে কিংবা বেছে বেছে কাপড় কিনে নিয়ে আসি। প্রতি লটে ৮০ থেকে ১০০ কেজি পর্যন্ত কাপড় থাকে, পরে তা ভেঙে ভেঙে বিক্রি করি। তবে লটে মাল আনলে নষ্ট কাপড়ও পাওয়া যায়। তাই নিজে পছন্দ করে গুণে গুণে কাপড় নিয়ে আসি। 

অন্যদিকে শীতের সঙ্গে পাল্লা দিয়ে গরম কাপড় বিক্রি বাড়ায় খুশি বিক্রেতারা। কারওয়ান বাজারের ফুটপাথে কাপড় নিয়ে বসা এক বিক্রেতা বলেন, শীতের কারণে প্রতিদিনই বিক্রি ভালো হচ্ছে। দিনে প্রায় দুই হাজার টাকার মতো লাভ হয়েছে, তবে তা কখনো বাড়ে আবার কমে যায়। হয়তো আর কয়েক দিন এমন বিক্রি করতে পারব। 

তবে ফুটপাথের মধ্যে সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে নিউমার্কেট এলাকায়। দিন গড়িয়ে বিকাল হলে নামে মানুষের ঢল, চলে রাত প্রায় ৯টা পর্যন্ত। এ এলাকায় তরুণ-তরুণীদের কেনাকাটা করতে দেখা যায় বেশি। 

বর্ণা আক্তার নামে এক শিক্ষার্থী বলেন, শীতের কাপড় আছে, তারপরেও ঘুরে দেখছি নতুন ক্যাটাগরির জামা পাই কি না। অল্প দামে অনেক সুন্দর সুন্দর গরম কাপড় এখানে দেখেছি। পছন্দ হলে ছোট বোনের জন্যও নিয়ে যাব। 

এ ছাড়া ফ্যাশন সচেতন ছেলেমেয়েদেরও আনাগোনা রয়েছে ‘ভ্যানপ্লাজা’ খ্যাত এসব ফুটপাথে। সেখানকার শীতের পুরোনো কাপড়ের স্তূপ থেকে নতুন নতুন ডিজাইনের কাপড় খুঁজে নিচ্ছেন তাদের কেউ কেউ। যেখানে পুভার জ্যাকেট, ডাউন জ্যাকেট, লেদার জ্যাকেট, লং লাইন কোট, ওভার কোট ও ডেনিমসহ পাওয়া যাচ্ছে ব্যতিক্রমী অনেক পোশাক। এ ছাড়া বিভিন্ন ক্যাটাগরির ফ্যাশনেবল জুতাও মিলছে সেখানে। 

সময়ের আলো/এনএ 

  বিষয়:   স্বল্প ব্যয়  উষ্ণতার খোঁজে  ফুটপাথ 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: