সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে একাই লড়াই করছেন জ্যাকব বেথেল। রেকর্ড গড়া এক সেঞ্চুরিতে শুধু নিজেকেই প্রমাণ করেননি, দলের সম্মানও বাঁচিয়েছেন ইংল্যান্ডের এ টপঅর্ডার ব্যাটার। অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে আরও একবার ইনিংস পরাজয়ের আশঙ্কা জেগেছিল। বেথেল অপরাজিত ১৪২ রানের ইনিংস খেলে শুধু ইনিংস পরাজয়ই ঠেকাননি, পাশাপাশি দলকে ১১৯ রানের লিডও এনে দিয়েছেন। একই সঙ্গে ম্যাচটাকে পঞ্চম দিনেও টেনে নিয়েছেন।
ক্যারিয়ারের ষষ্ঠ ম্যাচে প্রথমবারের মতো তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করলেন বেথেল। এর আগে তার ব্যক্তিগত সর্বোচ্চ টেস্ট ইনিংস ছিল ৯৬ রান। ২০২৪ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটনে ওই ইনিংসটি খেলেছিলেন দ্বীপরাষ্ট্র বার্বাডোসে জন্ম নেওয়া এ ইংলিশ ক্রিকেটার। গতকাল সিডনিতে সেঞ্চুরির করার মধ্য দিয়ে রেকর্ডবুকে নিজের নাম তুলেছেন।
মাত্র ২২ বছর ও ৭৮ দিন বয়সি বেথেল একবিংশ শতাব্দীতে দ্বিতীয় সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে অ্যাশেজে সেঞ্চুরি করেন। ১৯৮৯ সালে জ্যাক রাসেলের পর দ্বিতীয় ইংল্যান্ড ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েন তিনি। এ ছাড়া জোনাথান ট্রটের পর দ্বিতীয় ইংলিশ ব্যাটার বেথেল, যিনি তিন নম্বরে নেমে অ্যাশেজে সেঞ্চুরির দেখা পেলেন।
অজিদের বিপক্ষে সিডনিতে করা সেঞ্চুরিটি সাদা পোশাকের ক্রিকেটেই শুধু নয়, প্রথম শ্রেণির ক্রিকেটেও এটি প্রথম সেঞ্চুরি বেথেলের। এর আগে ২৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকলেও সেখানে তিন অঙ্কের ইনিংস ছিল না। সর্বোচ্চ ইনিংস ছিল ৯৬ রানের। এই ঘটনার মাধ্যমে ৩৩ বছরের পুরোনো এক রেকর্ডকে পেছনে ফেলে নতুন ইতিহাসে নাম লেখান বেথেল। ১৯৯৩ সালে ইয়ান হিলি অ্যাশেজে নিজের সেঞ্চুরি খরা কাটান। ওই সেঞ্চুরির আগে হিলির নামের পাশে কোনো তিন অঙ্কের ইনিংস ছিল না।
অ্যাশেজের আগের চার টেস্টে ব্যাটিং খরা দেখেছে ক্রিকেটবিশ্ব। শুধু সফরকারী ইংল্যান্ডের ব্যাটাররা নয়, স্বাগতিক অজিরাও একই সমস্যায় ভুগেছে। তবে সিডনিতে সিরিজের শেষ টেস্টে দুদলের ব্যাটাররাই নিজেদের প্রমাণ করেছেন। ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩৮৪ রান করলে এর জবাবে ৫৬৭ রানে থামে অস্ট্রেলিয়া।
ট্রাভিস হেডের পর অজি অধিনায়ক স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে ভর করে বড় সংগ্রহ গড়ে দলটি। টেস্টের তৃতীয় দিনেই সেঞ্চুরি করেন স্মিথ। গতকাল ইনিংসটি আর বড় করতে পারেননি। জশ টংয়ের শিকারে পরিণত হওয়ার আগে ১৩৮ রান করেন। এ ছাড়া বেউ ওয়েবস্টারের অপরাজিত ৭১ রান বড় সংগ্রহ গড়তে ভূমিকা রাখে।
একই দিনে স্টিভ স্মিথ পেছনে ফেলেন কিংবদন্তি ডন ব্র্যাডম্যানকে। ২২০ বলে ১৩৮ রানের ইনিংসটি খেলার মধ্য দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ব্যাটার হিসেবে ৫ হাজার রানের মাইলফলকে পা রাখেন। পাশাপাশি সর্বোচ্চ রানের রেকর্ডে ব্র্যাডম্যানকে (৫০২৮) পেছনে ফেলেন। তিন ফরম্যাট মিলিয়ে ইংল্যান্ডের বিপক্ষে স্মিথের মোট রান ৯০ ম্যাচে ১২২ ইনিংসে ৫০৯৪ রান।
সিডনিতে গতকাল অস্ট্রেলিয়াকে ৫৭১ রানে অলআউট করার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ইংল্যান্ড। অজি বোলারদের তোপের পরও দিন শেষে ৮ উইকেটে ৩০২ রান করে দলটি। বেথেলের সেঞ্চুরির দিনে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস ৪২। হ্যারি ব্রুক এবং বেন ডাকেট দুজনই সমান ৪২ রানের ইনিংস খেলেন। এ ছাড়া জেমি স্মিথ ২৬ ও ব্রাইডন কার্স ১৬ রান করেন। বাকিরা বলার মতো সংগ্রহ গড়তে ব্যর্থ। অজি বোলারদের হয়ে ওয়েবস্টার ৩টি এবং স্কট বোলান্ড ২টি ও মিচেল স্টার্ক, মাইকেল নেসার সমান একটি করে উইকেট নেন।