আজীবন একসঙ্গে থাকার অঙ্গীকার পূর্ণ করে স্বামী জাফর মিয়ার (৭০) মৃত্যুর মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে না ফেরার দেশে চলে গেলেন সহধর্মিণী নাজমা বেগমও (৫৫)। ঘটনাটি ঘটেছে চাঁদপুরের কচুয়া উপজেলার মনপুরা গ্রামে। এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের মাতম।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে মনপুরা গ্রামের মনসুর মাওলানা বাড়ির বাসিন্দা জাফর মিয়া স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন। স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন তার সহধর্মিণী নাজমা বেগম। দীর্ঘ দাম্পত্য জীবনের সঙ্গীকে হারানোর শোক যেন কিছুতেই মেনে নিতে পারছিলেন না তিনি। স্বামীর মৃত্যুর প্রায় ১২ ঘণ্টা পর, বিকেল আনুমানিক ৫টার দিকে তিনিও মৃত্যুবরণ করেন।
ধারণা করা হচ্ছে, স্বামীর শোকেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। একই দিনে স্বামী-স্ত্রীর এমন করুণ প্রস্থান এলাকাবাসীকেও স্তব্ধ করে দিয়েছে।
সরেজমিনে দেখা যায়, মৃত দম্পতির রেখে যাওয়া দুই ছেলে ও দুই মেয়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির আঙিনা। বাবা-মাকে একদিনে হারিয়ে তারা যেন বাকরুদ্ধ, শোকের ভাষা হারিয়ে ফেলেছে সন্তানরা। স্বজনদের সান্ত্বনার বাণীও যেন তাদের হৃদয়ের গভীর ক্ষতকে সামান্যই ছুঁতে পারছে।
স্থানীয় ইউপি সদস্য কাউছার প্রধান বলেন, একইদিনে স্বামী-স্ত্রীর মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। স্বামীর শোকে স্ত্রী মারা যাওয়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। সন্তানদের কীভাবে সান্ত্বনা দেব, সেই ভাষাও আমাদের জানা নেই।
স্থানীয়রা বলেছেন, একদিনেই নিভে যাওয়া দুটি প্রাণ স্মরণ করিয়ে দিল-‘ভালোবাসা কখনো কখনো জীবনের শেষ প্রান্ত পর্যন্ত সঙ্গী হয়, এমনকি মৃত্যুর মাঝেও।’
এফআর