প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৮:৫৬ পিএম
ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। ছবি : সময়ের আলোহবিগঞ্জের আজমিরীগঞ্জে প্রতিবেশীর দুই মেয়েকে নদীতে গোসল করাতে নিয়ে গিয়ে কালনী-কুশিয়ারা নদীতে তলিয়ে নিখোঁজ হয়েছেন মরিয়ম (২৮) নামে গৃহবধূ। খবর পেয়ে বানিয়াচং ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়েও মরিয়মের সন্ধান পাওয়া যায়নি।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের শাহনগর গ্রামসংলগ্ন কালনী-কুশিয়ারা নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মরিয়ম আজমিরীগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের আমজাদ মিয়ার স্ত্রী। গত দুইদিন আগে তিনি বাবার বাড়ি শাহনগর গ্রামের আব্দুল হাসিম মিয়ার বাড়িতে বেড়াতে আসেন।
মঙ্গলবার দুপুরে তিনি প্রতিবেশীর ১৩ ও ১১ বছর বয়সী দুই মেয়েকে নিয়ে নদীতে গোসল করতে যান। দুই শিশুর গোসল শেষে তাদের তীরে তুলে দেন মরিয়ম। পরে তিনি নিজেই নদীতে তলিয়ে যান। দুই শিশু তাঁকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। তবে তাঁকে খুঁজে পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট ইউপি সদস্য মহিবুর রহমান বলেন, মরিয়ম সাঁতার জানতেন না। তিনি প্রতিবেশীর দুই মেয়েকে নিয়ে নদীতে গোসল করতে গিয়েছিলেন। মেয়েদের গোসল শেষে তীরে তুলে দিলেও তিনি নদীতে তলিয়ে যান।
কাকাইলছেও পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অপু দাশ গুপ্ত জানান, খবর পাওয়ার পরপরই বানিয়াচং ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সঙ্গে উদ্ধার অভিযান চালানো হয়। তবে সন্ধ্যায় অন্ধকার নেমে আসায় অভিযান স্থগিত করা হয়েছে। বুধবার সকালে আবারও উদ্ধার অভিযান চালানো হবে।
সময়ের আলো/এনএন