প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৯:৪৬ পিএম
মো. সাদেক মিয়া। ছবি : সংগৃহীতচট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মো. সাদেক মিয়া (৫৯) নামে ব্যাটারিচালিত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদেক মিয়া উপজেলার মায়ানী ইউনিয়নের সৈদালী এলাকার মাওলানা আব্দুল জব্বার বাড়ির মজিবুল হক মিস্ত্রীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বড়তাকিয়া বাজারের ইউটার্ন এলাকায় অটোরিকশা নিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি প্রোবক্স গাড়ি তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা মো. ফারুক জানান, বড়তাকিয়া বাজারের ইউটার্ন এলাকায় দ্রুতগতির প্রোবক্স গাড়ির ধাক্কায় সাদেক মিয়া গুরুতর আহত হন। দুর্ঘটনায় তাঁর মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ শরিফুজ্জামান ভূঁইয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করে বিস্তারিত জানানো হবে।
সময়ের আলো/এনএন