আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে রেমিট্যান্স কর্মশালা অনুষ্ঠিত

সময়ের আলো ডেস্ক

রাজধানী

প্রবাসে গমনেচ্ছু বা প্রবাসে আছেন এমন বাংলাদেশিদের জীবনের নানা সংকট ও অর্থনৈতিক অনিশ্চয়তাসহ বিভিন্ন বিষয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ‘রেমিট্যান্স যোদ্ধাদের

2026-01-09T19:23:59+00:00
2026-01-09T20:12:37+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজধানী
আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে রেমিট্যান্স কর্মশালা অনুষ্ঠিত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৭:২৩ পিএম  আপডেট: ০৯.০১.২০২৬ ৮:১২ পিএম
আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ‘রেমিট্যান্স যোদ্ধাদের গাইডলাইন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সংগৃহীত ছবি
প্রবাসে গমনেচ্ছু বা প্রবাসে আছেন এমন বাংলাদেশিদের জীবনের নানা সংকট ও অর্থনৈতিক অনিশ্চয়তাসহ বিভিন্ন বিষয়ে  আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ‘রেমিট্যান্স যোদ্ধাদের গাইডলাইন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর আফতাবনগরে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের ৪৮টি দেশে কর্মরত বাংলাদেশের ৫৪ জেলা থেকে সাড়ে চারশ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা অংশগ্রহণ করেন।

দিনব্যাপী এই কর্মশালায় প্রবাসীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। এতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও খ্যাতনামা আলেম মাওলানা আহমাদুল্লাহ ‘প্রবাস থেকে পরিবার ব্যবস্থাপনা ও রিমোট প্যারেন্টিং’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।

প্রবাসীদের দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে আহমাদুল্লাহ বলেন, দেশের অর্থনীতি যাদের শ্রম, ঘাম ও ত্যাগের ওপর দাঁড়িয়ে আছে, তারা আমাদের প্রবাসী ভাইয়েরা।

প্রবাসীদের পরিবার পরিচালনা ও সন্তান লালনপালন সম্পর্কে তিনি বলেন, দুনিয়ার সামান্য সম্পদ উপার্জনের পেছনে ছুটতে গিয়ে আমরা যেন আমাদের আসল সম্পদ-পরিবার ও সন্তানদের অবহেলা না করি। মনে রাখবেন, টাকা দিয়ে সুখের উপকরণ কেনা গেলেও সন্তানদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে না পারলে প্রকৃত সুখী হওয়া সম্ভব নয়।

অনুষ্ঠানে মাওলানা আহমাদুল্লাহ ঘোষণা করেন, প্রবাস-ফেরত ব্যক্তিদের স্বাবলম্বীকরণ ও তাদের আত্মনির্ভরতার পথ সুগম করার লক্ষ্যে শিগগিরই বিশেষ উদ্যোগ গ্রহণ করবে আস-সুন্নাহ ফাউন্ডেশন।


কর্মশালায় অংশগ্রহণকারী ফেনী থেকে আগত সৌদি প্রবাসী মো. মনিরুজ্জামান প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সুদমুক্ত ঋণ চালুর দাবি জানান। উপস্থিত প্রবাসীরা সমস্বরে এই দাবির প্রতি জোরালো সমর্থন জানান। 

আহমাদুল্লাহ প্রবাসীদের এই দাবির সঙ্গে একমত পোষণ করেন এবং বিষয়টি বিবেচনার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। 

তিনি বলেন, প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করতে হলে সুদভিত্তিক ঋণের পরিবর্তে বিকল্প সুদমুক্ত অর্থায়ন ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এতে প্রবাসীরা যেমন আর্থিকভাবে স্বস্তি পাবেন, তেমনি তাদের স্বাবলম্বীকরণও টেকসই হবে।

এছাড়া কর্মশালায় মুসলিম আইডেন্টিটি সংরক্ষণ বিষয়ে আলোচনা করেন মিরপুর পল্লবী মসজিদুল জুমা কমপ্লেক্সের খতিব আবদুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। প্রবাসীদের সরকারি সুযোগ-সুবিধা ও আইনি সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ দেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব শহীদুল ইসলাম চৌধুরী। স্বাস্থ্য ঝুঁকি ও সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ দেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. আশরাফুল আলম সুমন। প্রবাসীদের আইনি সুরক্ষা বিষয়ে আলোচনা করেন সৌদি আরবে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সাবেক কাউন্সিলর ও উপসচিব আরিফুজ্জামান। প্রবাসীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে দিকনির্দেশনা দেন সাইকোলজিস্ট ফাহিম আব্দুল্লাহ এবং সঠিক অর্থ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী সাব্বির আহম্মেদ। 


/ইউএমএইচ



  বিষয়:   রেমিট্যান্স যোদ্ধাদের গাইডলাইন  আস-সুন্নাহ ফাউন্ডেশন 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: