গল্পের বৈচিত্র্যে জমজমাট গোল্ডেন গ্লোবস

সময়ের আলো ডেস্ক

লস অ্যাঞ্জেলেসে রোববার রাতে বসেছে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের এবারের আসর। চলচ্চিত্র ও টেলিভিশন পুরস্কার মৌসুমে এই অনুষ্ঠানকে ধরা হয় অন্যতম

2026-01-12T04:45:00+00:00
2026-01-12T04:45:00+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
গল্পের বৈচিত্র্যে জমজমাট গোল্ডেন গ্লোবস
‘সিনার্স’ থেকে ‘হ্যামনেট’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৪:৪৫ এএম 
সেরা নাট্য অভিনেত্রী বিভাগে প্রতিযোগিতায় আছেন রেনাতে রেইন্সভে। সংগৃহীত ছবি
লস অ্যাঞ্জেলেসে রোববার রাতে বসেছে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের এবারের আসর। চলচ্চিত্র ও টেলিভিশন পুরস্কার মৌসুমে এই অনুষ্ঠানকে ধরা হয় অন্যতম বড় মাইলফলক। কারণ অস্কার মনোনয়ন ঘোষণার মাত্র দুই সপ্তাহ আগেই (২২ জানুয়ারি) হচ্ছে এই অনুষ্ঠান। 

ফলে কে এগিয়ে, কে পিছিয়ে; তার একটা স্পষ্ট ইঙ্গিত সাধারণত এখান থেকেই পাওয়া যায়। এবারের আসরে যেমন বড় তারকার উপস্থিতি আছে, তেমনি আছে নতুন মুখ, নতুন বিভাগ এবং বৈচিত্র্যময় গল্পের আধিক্য।
 
‘হ্যামনেট’ ‘সিনার্স’, ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ও ‘মার্টি সুপ্রিম’-এর মতো আলোচিত ছবিগুলো যেমন প্রতিযোগিতায় আছে, তেমনি টিভি বিভাগে আবারও আলোচনায় নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘অ্যাডোলেসেন্স’। সবমিলে এবার গল্পের বৈচিত্র্যে জমজমাট গোল্ডেন গ্লোবস।

সবচেয়ে বেশি আলোচিত চলচ্চিত্রগুলো :
এ বছরের সবচেয়ে বেশি মনোনয়ন পাওয়া চলচ্চিত্র হলো ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ মোট ৯টি বিভাগে। ২০২৫ সালের অন্যতম প্রশংসিত এই ছবির গল্প এক সাবেক বিপ্লবীকে ঘিরে, যার মেয়েকে অপহরণ করা হয়। রাজনৈতিক থ্রিল ও ব্যক্তিগত ট্র্যাজেডির মিশেলে ছবিটি সমালোচকদের মন জয় করেছে। এরপর রয়েছে নরওয়েজিয়ান ড্রামা ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ (৮টি মনোনয়ন)। মায়ের মৃত্যুর পর দুই বোনের সঙ্গে তাদের বিচ্ছিন্ন চলচ্চিত্র নির্মাতা বাবার পুনর্মিলনের গল্প এই ছবির মূল উপজীব্য।

৭টি মনোনয়ন নিয়ে আছে ‘সিনার্স’, ১৯৩০-এর দশকের মিসিসিপিতে সেট করা এক ভ্যাম্পায়ার হরর-ড্রামা, যেখানে অভিনয়ের জন্য সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন মাইকেল বি জর্ডান। এ ছাড়া ‘হ্যামনেট’ (৬), ‘ফ্রাঙ্কেনস্টাইন’ (৫), ‘উইকেড : ফর গুড’ (৫) এবং কান উৎসবের সেরা পুরস্কারজয়ী ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’ও (৪) আলোচনায় আছে।

শেকসপিয়ার থেকে ভ্যাম্পায়ার :
  এবারের মনোনীত ছবিগুলোর বৈচিত্র্য চোখে পড়ার মতো। ম্যাগি ও’ফ্যারেলের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘হ্যামনেট’ শেকসপিয়ারের পারিবারিক ট্র্যাজেডিকে নতুন করে দেখায়। ‘ফ্রাঙ্কেনস্টাইন’ মেরি শেলির ক্লাসিক গল্পকে আরও আবেগঘন দৃষ্টিতে উপস্থাপন করেছে। অন্যদিকে ‘উইকেড : ফর গুড’ এলফাবার চরিত্রের উৎসকাহিনি শেষ করেছে বড় বাজেটের মিউজিক্যাল আঙ্গিকে।

অভিনয় বিভাগে কারা এগিয়ে :
সেরা মিউজিক্যাল বা কমেডি অভিনেতা বিভাগে সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে টিমোথি শালামে (‘মার্টি সুপ্রিম’) ও লিওনার্দো ডিক্যাপ্রিও (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)-এর মধ্যে। তবে ইথান হক (‘ব্লু মুন’) এখানে ডার্ক হর্স হিসেবে বিবেচিত। সেরা নাট্য অভিনেতা বিভাগে মাইকেল বি জর্ডান শক্ত অবস্থানে থাকলেও, আন্তর্জাতিক ঝোঁকের কারণে ওয়াগনার মোরাউ (‘দ্য সিক্রেট এজেন্ট’)-কেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সেরা নাট্য অভিনেত্রী বিভাগে অবশ্য স্পষ্ট ফেভারিট জেসি বাকলি (হ্যামনেট)। তার সঙ্গে প্রতিযোগিতায় আছেন রেনাতে রেইন্সভে (সেন্টিমেন্টাল ভ্যালু)।

টিভি বিভাগ ও নতুন ক্যাটাগরি :
টেলিভিশন বিভাগে আবারও মনোনয়ন পেয়েছে নেটফ্লিক্সের ‘অ্যাডোলেসেন্স’। সিরিজটি ইতিমধ্যে এমি, ক্রিটিকস চয়েস ও ন্যাশনাল টিভি অ্যাওয়ার্ডসে সাফল্য পেয়েছে। ক্যালেন্ডার বছরের নিয়মের কারণে এবারই প্রথম এটি গোল্ডেন গ্লোবসে বিবেচিত হচ্ছে। এ বছর যুক্ত হয়েছে নতুন বিভাগ; সেরা পডকাস্ট, যা অনুষ্ঠানটির পরিসর আরও বাড়িয়েছে।

উপস্থাপক ও অনুষ্ঠানের রসদ :
এবারও গোল্ডেন গ্লোবসের সঞ্চালনায় ফিরছেন মার্কিন কৌতুকশিল্পী নিকি গ্লেজার। গত বছর তার তীক্ষ্ম, রসিক ও তারকাদের খোঁচা দেওয়া মনোলগ ব্যাপক প্রশংসা পেয়েছিল। নিজেই তিনি বলেছেন, এত তারকার সামনে দাঁড়ানো তাকে এখনও নার্ভাস করে তোলে।

আজীবন সম্মাননা ও গুরুত্ব :
এ বছর আজীবন সম্মাননা আগেই দেওয়া হয়েছে। টেলিভিশনে অবদানের জন্য সারা জেসিকা পার্কার পেয়েছেন ক্যারল বার্নেট অ্যাওয়ার্ড। চলচ্চিত্রে অবদানের জন্য ডেম হেলেন মিরেন পেয়েছেন সিসিল বি ডিমিল অ্যাওয়ার্ড। গোল্ডেন গ্লোবস অস্কারের নিশ্চয়তা না দিলেও, এখানে জয় অনেক সময় অস্কার মনোনয়নের পথ সহজ করে দেয়। তাই এই মঞ্চকে ঘিরে প্রত্যাশা, হিসাব আর উত্তেজনার কমতি নেই।

সময়ের আলো/এআর

  বিষয়:   গল্প  বৈচিত্র্য  গোল্ডেন গ্লোবস 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: