মাঠে অভিষেক ক্যাপ পরানোর দৃশ্য নতুন কিছু নয়। তবে রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সেই চেনা আয়োজনই রূপ নেয় আবেগঘন এক ঐতিহাসিক মুহূর্তে। বিপিএলে প্রথমবার খেলতে নামা হাসান ইসাখিলের মাথায় ক্যাপ পরিয়ে দিলেন তার বাবা আফগানিস্তান ক্রিকেটের কিংবদন্তি মোহাম্মদ নবি। বাবা-ছেলের এই মুহূর্ত শুধু স্মরণীয় নয়, বিপিএলের ইতিহাসেও অনন্য সংযোজন।
অনেক দিন ধরেই অপেক্ষা চলছিল। বাবা ও ছেলে দুজনই ছিলেন নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াডে, অনুশীলন করছিলেন একসঙ্গে। কিন্তু ম্যাচের একাদশে একসঙ্গে নামার সুযোগ আসেনি।
অবশেষে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে সেই সুযোগ এলো। প্রথমবার বিপিএলের মাঠে একই দলে খেললেন বাবা ও ছেলে। এর মাধ্যমে টুর্নামেন্টের ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন নবি ও ইসাখিল।
অভিষেক ম্যাচেই নিজের নাম আলাদা করে তুলে ধরলেন ১৯ বছর বয়সি ইসাখিল। কোনোরকম চাপ না নিয়েই খেললেন দুর্দান্ত এক ইনিংস। ৬০ বল খেলে তিনি করেন ৯২ রান। ইনিংসটি সাজানো ছিল ৭টি চার ও ৬টি ছক্কায়। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হলেও এই ইনিংসেই জানান দিলেন নিজের সামর্থ্যরে।
ম্যাচটিতে বাবা-ছেলের মধ্যে একটি দৃষ্টিনন্দন জুটিও গড়ে ওঠে। চতুর্থ উইকেটে তারা যোগ করেন ৫৩ রান। ৩০ বলের সেই জুটিতে ইসাখিল করেন ১৭ বলে ৩৪ রান, নবি যোগ করেন ১৩ বলে ১৭। একসময় মনে হচ্ছিল, বাবাকে সাক্ষী রেখেই সেঞ্চুরি ছুঁয়ে ফেলবেন ছেলে। কিন্তু অষ্টাদশ ওভারের শেষ বলে নবি আউট হলে ছন্দ কেটে যায়। পরের ওভারের দ্বিতীয় বলেই ফিরে যান ইসাখিলও।
আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেটে বাবা-ছেলের একসঙ্গে খেলার নজির থাকলেও বিপিএলের মঞ্চে এটিই প্রথম কোনো বাবা-ছেলের একসঙ্গে অংশগ্রহণ। ৪১ বছর বয়সি নবি বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন নবম আসরে। অন্যদিকে ওপেনিং ব্যাটার ইসাখিল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন, ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সেও নজর কেড়েছেন। দেশের বাইরে কোনো লিগে এটাই তার প্রথম অভিজ্ঞতা।
ক্রিকেট ইতিহাসে বাবা-ছেলের একসঙ্গে খেলার ঘটনা খুব বেশি নেই। শিবনারায়ন চন্দরপল ও তেজনারায়ন চন্দরপল, ডব্লিউ জি গ্রেস ও তার ছেলে চার্লস, কিংবা অ্যালেক স্টুয়ার্ট ও তার বাবা মিকি স্টুয়ার্টÑ এমন কিছু উদাহরণ আছে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে তিমুর লেস্তের হয়ে বাবা সুহাইল সাত্তার ও ছেলে ইয়াহিয়া সাত্তারের একসঙ্গে খেলার ঘটনাও আলোচনায় এসেছে।
এদিকে ইসাখিল-সৌমের ব্যাটে চড়ে ৭ উইকেটে ১৮৪ রান করে নোয়াখালী। জবাবে ব্যাট করে ১৪৩ রানে থামে ঢাকা। ৪১ রানের জয় পায় নোয়াখালী। বিপিএলে এটি টানা দ্বিতীয় জয় দলটির।
সময়ের আলো/এআর