বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর বাড্ডার ইউলুপ এলাকায় দুর্জয় আহম্মেদ হত্যাচেষ্টা মামলায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে হাজির করে পুলিশ। এসময় পলকের প্রিজনভ্যান লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
সোমবার (১২ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ ঘটনার শিকার হন তিনি।
এদিন বাড্ডার ইউলুপ এলাকায় দুর্জয় আহম্মেদ হত্যাচেষ্টা মামলায় পলককে গ্রেফতার দেখানোর আবেদনের শুনানির জন্য প্রিজনভ্যানে আদালতে আনা হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন। পরে তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।
আরও পড়ুন
অন্যদিকে, ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে হাদি হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। এদিন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ও হাদির ভাই ওমর হাদি আদালতে হাজির হন। অভিযোগপত্র পর্যালোচনার জন্য দুই দিনের সময় চান তিনি। আদালত সময় আবেদন মঞ্জুর করে ১৫ জানুয়ারি শুনানির দিন ধার্য করেন।
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সিএমএম আদালতের সামনে থাকাবস্থায় দুপুর দেড়টার দিকে পলককে নিয়ে একটি প্রিজনভ্যান কাশিমপুর কারাগারের উদ্দেশে সিএমএম আদালতের হাজতখানা থেকে বের হয়। সিএমএম আদালতের সামনে গাড়ি এলে পলককে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এসময় তাদের বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়। এ অবস্থায় পলককে নিয়ে প্রিজনভ্যানটি কাশিমপুরের উদ্দেশে চলে যায়।
এএডি/