বিশ্বের অন্যতম সম্মানজনক পুরস্কার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস। গতকাল সোমবার ভোরে অনুষ্ঠিত হয়েছে এর ৮৩তম আসর। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দ্য বেভারলি হিলটন হোটেলে অনুষ্ঠিত হয় জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠান, যেখানে ২০২৫ সালে চলচ্চিত্র ও টেলিভিশনের সেরাদের স্বীকৃতি জানানো হয়।
দ্বিতীয়বারের মতো অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্বে ছিলেন জনপ্রিয় কমেডিয়ান ও অভিনেত্রী নিকি গ্লেজার। তারকার আলোয় আলোকিত সন্ধ্যায় রেড কার্পেটে পা রাখেন লিওনার্দো ডিক্যাপ্রিও, জেনিফার লোপেজ, ডোয়াইন জনসন এবং জ্যাকব এলোর্ডি। তবে দক্ষিণ এশীয় দর্শকদের নজর কেড়েছে নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া জুটি।
সেরা চলচ্চিত্রের মুকুট এবারের আসরে ড্রামা বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে ‘হ্যামনেট’। অন্যদিকে মিউজিক্যাল অথবা কমেডি বিভাগে শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। অ্যানিমেটেড চলচ্চিত্রের দৌড়ে সবাইকে পেছনে ফেলে জয়ী হয়েছে নেটফ্লিক্সের ‘কেপপ ডেমন হান্টার্স’। আর বক্স অফিস কাঁপানো চলচ্চিত্র হিসেবে বিশেষ স্বীকৃতি পেয়েছে ‘সিনার্স’।
প্রথমবারের মতো গোল্ডেন গ্লোব জিতেছেন অভিনেতা টিমোথি শ্যালামে। বেস্ট পরফরম্যান্স বাই অ্যান অ্যাক্টর ইন অ্যা মোশন পিকচার, মিউজিক্যাল অর কমেডি বিভাগে ‘মার্টি সুপ্রিম’ চলচ্চিত্রের জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি। ‘ইফ আই হ্যাড লেগস আই’ড কিক ইউ’ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারে ভূষিত হয়েছেন রোজ বাইর্ন । ‘দ্য সিক্রেট এজেন্ট’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতার (ড্রামা) পুরস্কার জিতে নিয়েছেন ওয়াগনার মৌরা।
সমান্তরালভাবে ‘হ্যামনেট’ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রীর ট্রফি নিজের ঘরে তুলেছেন আইরিশ অভিনয়শিল্পী জেসি বাকলে। এ ছাড়াও পার্শ্ব-অভিনেতা হিসেবে সবাইকে চমকে দিয়েছেন আওয়েন কুপার। ‘অ্যাডোলেসেন্স’খ্যাত এই তারকা দ্বিতীয় সর্বকনিষ্ঠ অভিনেতা হিসেবে গোল্ডেন গ্লোব জয়ের রেকর্ড গড়লেন।
টেলিভিশন ও অন্যান্য বিভাগ ছোটপর্দায় কমেডি সিরিজ হিসেবে সেরা হয়েছে ‘দ্য স্টুডিও’ এবং লিমিটেড সিরিজ ক্যাটাগরিতে সেরা হয়েছে ‘অ্যাডোলেসেন্স’। স্ট্যান্ড-আপ কমেডিতে আবারও নিজের জাত চিনিয়েছেন রিকি গারভাইস (মর্টালিটি)। বেস্ট টেলিভিশন সিরিজ (ড্রামা) ‘দ্য পিট’, এইচবিও ম্যাক্স। এ ছাড়া আধুনিক যুগের জনপ্রিয় মাধ্যম পডকাস্ট বিভাগেও পুরস্কার ঘোষণা করা হয়েছে, যেখানে সেরা হয়েছে অ্যামি পোএহলারের ‘গুড হ্যাং উইথ অ্যামি পোএহলার’।
এফআর