এয়ার ফ্রায়ার : সহজ সমাধান নাকি বাড়তি ঝামেলা

জীবন যখন যেমন ডেস্ক

স্বাস্থ্য সচেতনতা এখন আর কেবল ফিটনেস বা ডায়েটের মধ্যে সীমাবদ্ধ নেই। কীভাবে রান্না করা হচ্ছে, রান্নায় কতটা তেল ব্যবহার হচ্ছে

2026-01-13T05:26:29+00:00
2026-01-13T05:26:58+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
এয়ার ফ্রায়ার : সহজ সমাধান নাকি বাড়তি ঝামেলা
জীবন যখন যেমন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৫:২৬ এএম  আপডেট: ১৩.০১.২০২৬ ৫:২৬ এএম  (ভিজিট : ২৩০)
প্রতীকী ছবি
স্বাস্থ্য সচেতনতা এখন আর কেবল ফিটনেস বা ডায়েটের মধ্যে সীমাবদ্ধ নেই। কীভাবে রান্না করা হচ্ছে, রান্নায় কতটা তেল ব্যবহার হচ্ছে এসব বিষয়ও হয়ে উঠেছে সমান গুরুত্বপূর্ণ। তেল কমিয়ে বা প্রায় তেল ছাড়াই খাবার রান্নার সুবিধা থাকায় এয়ার ফ্রায়ার হয়ে উঠেছে অনেকের পছন্দের যন্ত্র। তেল কমিয়ে খাবার রান্নার প্রতিশ্রুতি দেওয়া এই যন্ত্রটি অনেকের কাছে আশীর্বাদ হলেও আবার কারও কারও কাছে এটি অপ্রয়োজনীয় ঝামেলা।

বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নাজনীন আক্তার নিয়মিত এয়ার ফ্রায়ার ব্যবহার করেন। তার ভাষায়, ‘আগে সপ্তাহে অন্তত দুদিন ভাজাপোড়া হতো। এখন এয়ার ফ্রায়ার ব্যবহারের পর থেকে প্রায় প্রতিদিনই কিছু না কিছু ভাজাপোড়া খাবার থাকে। যেহেতু কম তেলে রান্না করা যায় তাই ওজনও আগের তুলনায় নিয়ন্ত্রণে আছে।’

বিশেষজ্ঞদের মতে, এয়ার ফ্রায়ারে রান্না করলে অতিরিক্ত ক্যালরি ও ট্রান্স ফ্যাট গ্রহণ কমে, যা হৃদ‌রোগ, উচ্চ কোলেস্টেরল ও স্থূলতা নিয়ন্ত্রণে সহায়ক। এ কারণেই স্বাস্থ্য সচেতন মানুষদের মধ্যে এয়ার ফ্রায়ারের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে।

শুধু স্বাস্থ্য নয়, সময় বাঁচানোর ক্ষেত্রেও এয়ার ফ্রায়ারকে কার্যকর মনে করছেন অনেকেই। 

দুই সন্তানের মা ও অনলাইন উদ্যোক্তা শাকিলা চৌধুরী বলেন, ‘কাজ আর সংসার সামলাতে গিয়ে রান্নার সময় খুব কম পাই। এয়ার ফ্রায়ারে আধা ঘণ্টার কাজ ১৫ মিনিটেই শেষ হয়ে যায়।’

দ্রুত গরম হওয়া ও কম সময়ে খাবার প্রস্তুত করার সুবিধার কারণে কর্মজীবী নারী-পুরুষের কাছে এটি হয়ে উঠেছে জনপ্রিয় একটি রান্নার যন্ত্র।

গ্যাস সংকটে বিকল্প রান্নার সমাধান
সাম্প্রতিক সময়ে গ্যাস সংকট একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নির্দিষ্ট সময়ে গ্যাস না পাওয়া, গ্যাসের চাপ কমা থাকা কিংবা হঠাৎ গ্যাস বন্ধ হয়ে যাওয়ায় অনেক পরিবারই প্রতিদিনের রান্না নিয়ে বিপাকে পড়ছেন। এ পরিস্থিতিতে বিদ্যুৎচালিত এয়ার ফ্রায়ার অনেকের কাছে কার্যকর বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।

যেসব এলাকায় দিনে নির্দিষ্ট কয়েক ঘণ্টা গ্যাস পাওয়া যায়, সেখানে ছোটখাটো রান্না, নাশতা কিংবা বিকালের খাবার এয়ার ফ্রায়ারে সহজেই প্রস্তুত করা সহজ। এতে গ্যাসের ওপর নির্ভরতা কিছুটা হলেও কমে আসে। বিশেষ করে নাগেটস, শিঙাড়া, সমুচা, গ্রিলড সবজি কিংবা চিকেন এসব খাবার এয়ার ফ্রায়ারে অনায়াসে রান্না করা যায়।

পরিচ্ছন্ন রান্নাঘরের স্বস্তি
ডিপ ফ্রাই রান্নার সঙ্গে তেল ছিটে যাওয়া, ধোঁয়া আর তেলের গন্ধ যেন অবধারিত। এয়ার ফ্রায়ারে সেই ঝামেলা তুলনামূলকভাবে কম বা নেই বললে চলে।

কলেজ শিক্ষক আমিনা আক্তার লিপি বলেন, ‘রান্নাঘর পরিষ্কার রাখতে আমার সবসময় সমস্যা হতো। এয়ার ফ্রায়ার ব্যবহারের পর সেই ভোগান্তি অনেকটাই কমেছে। বন্ধ চেম্বারে রান্না হওয়ায় তেল ছিটে যাওয়ার ঝুঁকি নেই, ফলে রান্নাঘর থাকে পরিচ্ছন্ন ও আরামদায়ক।’

অনেকে মনে করেন এয়ার ফ্রায়ার শুধু ভাজার জন্য। বাস্তবে এটি দিয়ে বেকিং, গ্রিলিং ও রিহিট করাও সম্ভব। কেক, মাফিন, গ্রিলড সবজি কিংবা ফিশ ফিলে— সবই বানানো যায় এতে। তরুণ প্রজন্মের কাছে এই বহুমুখী ব্যবহার বেশ আকর্ষণীয়।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নীলিমা নাজনীন বলেন, ‘হোস্টেলে রান্নার সুযোগ কম। এয়ার ফ্রায়ার দিয়ে সহজেই নুডলস, নাগেটস বা গ্রিলড চিকেন বানাতে পারি।’

তবে সবার জন্য কি এটি উপযোগী?

দামের বাধা
এয়ার ফ্রায়ারের সবচেয়ে বড় সমস্যা এর দাম। সাধারণ কড়াই বা ফ্রাইপ্যানের তুলনায় এটি বেশ ব্যয়বহুল। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের অনেকের কাছেই এটি এখনও বিলাসী পণ্য।

বড় পরিবারের জন্য সীমাবদ্ধতা
চার-পাঁচজনের বেশি সদস্যের পরিবারের ক্ষেত্রে এয়ার ফ্রায়ার বেশ ঝামেলার হয়ে উঠতে পারে। একসঙ্গে অল্প খাবার রান্না হওয়ায় বারবার রান্না করতে হয়। গৃহিণী শিউলি খাতুন বলেন, ‘পরিবার বড় হওয়ায় একবারে সবার জন্য রান্না করা যায় না। শেষ পর্যন্ত গ্যাসের চুলায় ফিরে যেতে হয়।’

স্বাদের সঙ্গে আপস
স্বাস্থ্যকর হলেও স্বাদের দিক থেকে এয়ার ফ্রায়ারের খাবার সবসময় সবার মন জোগাতে পারে না। যারা ডিপ ফ্রাই খাবারের মচমচে স্বাদে অভ্যস্ত, তাদের কাছে এয়ার ফ্রায়ারের খাবার কিছুটা ফিকে লাগতে পারে।

বিদ্যুৎ ও রক্ষণাবেক্ষণ
বিদ্যুৎ না থাকলে এয়ার ফ্রায়ার অচল। নিয়মিত পরিষ্কার ও রক্ষণাবেক্ষণও জরুরি, যা অনেকের কাছে বাড়তি ঝামেলা মনে হয়।

এয়ার ফ্রায়ার নিঃসন্দেহে আধুনিক ও স্বাস্থ্যসচেতন জীবনযাপনের একটি কার্যকর উপকরণ।  গ্যাস সংকটের সময়ে এটি বিকল্প রান্নার সহায়ক হিসেবেও ভূমিকা রাখছে। তবে এটি সবার জন্য উপযুক্ত কি না তা নির্ভর করে ব্যক্তিগত প্রয়োজন, পরিবারের আকার, বাজেট ও খাদ্যাভ্যাসের ওপর। তাই অন্যের অভিজ্ঞতা ও নিজের বাস্তবতা মিলিয়ে সিদ্ধান্ত নিলেই এয়ার ফ্রায়ার হবে উপকারী— নইলে তা হয়ে উঠতে পারে বাড়তি ঝামেলা।

এফআর


  বিষয়:   এয়ার ফ্রায়ার  সহজ সমাধান  নাকি  বাড়তি  ঝামেলা 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: