দুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় সংগীতশিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের নামে থাকা একাধিক স্থাবর সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আদালতের আদেশ অনুযায়ী, ঢাকার মহাখালীর ডিওএইচএসে অবস্থিত পাঁচ তলা একটি বাড়ি, মানিকগঞ্জের সিঙ্গাইরে দুটি দুই তলা বাড়ি, মানিকগঞ্জ সদরের চার তলা একটি বাড়ি ও পূর্বাচলে অবস্থিত ৯ কাঠা জমিসহ মোট ১২ বিঘা জমি জব্দের আদেশ দেওয়া হয়েছে।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, মমতাজ বেগম ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তদন্তাধীন রয়েছে। অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত এসব সম্পদ হস্তান্তর বা বিক্রির ঝুঁকি থাকায় জব্দ করা প্রয়োজন বলে মনে করে দুদক।
জব্দ হওয়া সম্পত্তির মধ্যে আরও রয়েছে মানিকগঞ্জে ৫ শতাংশ জমি, সিঙ্গাইরে ৭ শতাংশ জমি এবং সিঙ্গাইরের আরেক স্থানে ৪১২ দশমিক ৫১ শতাংশ জমি। তবে মানিকগঞ্জে পৈত্রিক সূত্রে পাওয়া একটি দুই তলা বাড়ি জব্দের তালিকার বাইরে রাখা হয়েছে। পৈত্রিক সম্পত্তি বাদ দিয়ে বাকি স্থাবর সম্পদের ঘোষিত মূল্য ধরা হয়েছে প্রায় ১১ কোটি ৮১ লাখ ৭৩ হাজার ৫৮৪ টাকা। দুদকের পক্ষে সংস্থাটির উপ-পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম এসব বাড়ি ও জমি জব্দের আবেদন করেন। আদালত আবেদনটি গ্রহণ করে অনুসন্ধানকালে সম্পদগুলো জব্দ রাখার আদেশ দেন।
সময়ের আলো/এনএ