চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কাম অফিস সহকারী শাহ আলমকে ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৪ জানুয়ারি) দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। একটি ফাঁদ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
দুদক সূত্রে জানা গেছে, সাবেক অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী আ. ন. ম. মুদ্দাছেরুল হক মাসুদ দীর্ঘদিনের বকেয়া ভাতা ও পেনশন সংক্রান্ত সরকারি পাওনা আদায়ে শাহ আলমের বিরুদ্ধে হয়রানি ও ঘুষ দাবির লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে দুদকের কমিশনের অনুমোদনক্রমে চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ থেকে অভিযান চালানো হয়। অভিযানের সময় অভিযোগকারী মাসুদের কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ গ্রহণের সময় শাহ আলমকে হাতেনাতে ধরা হয়।
এ সময় ঘুষের টাকা উদ্ধার করা হয়। শাহ আলমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
সময়ের আলো/এসকে/