নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিশোরগঞ্জের কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলা শাখার শীর্ষ পাঁচ নেতাকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (১৪ জানুয়ারি) কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, গতকাল মঙ্গলবার কক্সবাজারের মহেশখালী থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সদ্য ঘোষিত কটিয়াদী উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সম্রাট আলমগীর, সাধারণ সম্পাদক রনি খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাকিব, ছাত্রলীগ নেতা সামাদ উল্লাহ এবং পার্শ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তুহিন।
পুলিশ জানায়, গত ৫ জানুয়ারি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কটিয়াদী উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়। পরের দিন একটি মিছিল বের করে নবগঠিত কমিটির সদস্যরা। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মিছিলের ভিডিও পোস্ট করে আত্মগোপনে চলে যায় তারা। এ ঘটনায় মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের মহেশখালী থেকে গ্রেফতার করে র্যাব।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাহাবুবুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের হেফাজতে নিতে কটিয়াদী থানা পুলিশের একটি টিম ইতোমধ্যে কক্সবাজারের গিয়েছে বলেও জানান তিনি।
এফআর