বিশ্বকাপ অনিশ্চয়তায় ভুগছেন না তামিম

ক্রীড়া প্রতিবেদক

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ঘিরে অনিশ্চয়তা যতই বাড়ুক, সেটি নিজের মনোযোগে কোনো প্রভাব ফেলছে না বলে স্পষ্ট জানালেন বাংলাদেশ দলের ওপেনার

2026-01-15T05:49:10+00:00
2026-01-15T05:49:10+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
বিশ্বকাপ অনিশ্চয়তায় ভুগছেন না তামিম
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৫:৪৯ এএম   (ভিজিট : ১৭৮)
তানজিদ হাসান তামিম। ছবি : সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ঘিরে অনিশ্চয়তা যতই বাড়ুক, সেটি নিজের মনোযোগে কোনো প্রভাব ফেলছে না বলে স্পষ্ট জানালেন বাংলাদেশ দলের ওপেনার তানজিদ হাসান তামিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসির ওপর পূর্ণ আস্থা রেখেই ক্রিকেটে মনোযোগ ধরে রাখতে চান বাঁ-হাতি এই ব্যাটার।

সম্প্রতি রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, এ ধরনের অনিশ্চয়তা খেলোয়াড়দের ওপর প্রভাব ফেলে। তবে তানজিদ হাসান তামিমের অবস্থান একেবারেই ভিন্ন। তার মতে, বিষয়টি দেখার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, খেলোয়াড়দের কাজ মাঠে পারফর্ম করা।

বুধবার মিরপুরে বিসিবি একাডেমি মাঠে রাজশাহী ওয়ারিয়র্সের অনুশীলনের আগে বিশ্বকাপের ভেন্যু নিয়ে প্রশ্ন করা হলে তানজিদ বলেন, ‘না, একদমই (প্রভাব ফেলে) না। আপনারা জানেন, এই বিষয়ে বিসিবি ও আইসিসি কথা বলছে, যেন আমরা নিরাপদ ও উপযুক্ত জায়গায় গিয়ে বিশ্বকাপ খেলতে পারি। আমি বিশ্বাস করি, তারা বিষয়টি ঠিকভাবেই দেখছে। তাই এ নিয়ে আমি আর কিছু বলতে চাই না।’

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বিসিবি ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো আয়োজনের অনুরোধ জানিয়েছে আইসিসিকে। এর ফলে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বাংলাদেশ-ভারতের রাজনৈতিক উত্তেজনার মধ্যে বিসিসিআই আইপিএল স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানকে ছাড়তে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

সূচি অনুযায়ী বাংলাদেশের চারটি গ্রুপ ম্যাচের মধ্যে তিনটি হওয়ার কথা ছিল কলকাতায় এবং একটি মুম্বাইয়ে। অথচ বিশ্বকাপ শুরুর এক মাসেরও কম সময় বাকি থাকলেও এখনও নিশ্চিত নয় বাংলাদেশ প্রথম ম্যাচটি কোথায় খেলবে।

তবু এসব বিষয় তাকে মোটেও বিচলিত করছে না বলে আবারও জানান তানজিদ, ‘না, এটা আমাকে ডিস্টার্ব করছে না।’

বিশ্বকাপের প্রস্তুতি নিয়েও আত্মবিশ্বাসী রাজশাহীর এই ওপেনার। তার মতে, সাম্প্রতিক সময়ের অনুশীলন ও বিপিএলই বিশ্বকাপের জন্য সবচেয়ে বড় প্রস্তুতির মঞ্চ, ‘(আয়ারল্যান্ডের বিপক্ষে) সিরিজের পর আমরা একটা ব্যাটিং ক্যাম্প করেছিলাম, যেটা ব্যাটসম্যানদের অনেক সাহায্য করেছে। বিপিএলের পর খুব বেশি সময় পাওয়া যাবে না, তাই যত প্রস্তুতি নেওয়ার, সেটা বিপিএলের মধ্যেই নিতে হবে।’

বিপিএলের ম্যাচ পরিস্থিতিকেই বিশ্বকাপের জন্য বড় প্রস্তুতি হিসেবে দেখছেন তিনি, ‘এখানে (বিপিএল) আমরা নানা ধরনের ম্যাচ পরিস্থিতির মুখোমুখি হচ্ছি, যেগুলো বিশ্বকাপে খুব কাজে আসবে। যেসব ম্যাচে আমি রান করতে পারিনি, সেগুলোতে কোথায় ভুল করেছি, কোথায় ঘাটতি ছিল- সেগুলো বোঝার চেষ্টা করেছি এবং সেগুলো নিয়ে কাজ করছি। এখন থেকে যদি ধারাবাহিকভাবে ভালো করতে পারি, তা হলে সেটা আমার এবং দলের জন্যই ভালো হবে।’

সব মিলিয়ে ভেন্যু নিয়ে অনিশ্চয়তা থাকলেও সেটিকে এক পাশে রেখেই বিশ্বকাপের প্রস্তুতিতে পুরোপুরি মনোযোগী থাকতে চান তানজিদ হাসান তামিম। তার বিশ্বাস, মাঠের পারফরম্যান্সই শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর দেবে।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   বিশ্বকাপ  অনিশ্চয়তা  তামিম 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: