ফুটসালে দারুণ অভিজ্ঞ ভারত। সেই তুলনায় ঢের পিছিয়ে বাংলাদেশ। প্রথমবার সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে ভারতকে পেয়ে ভড়কে যায় রাহবার, মঈনদের নিয়ে গড়া লাল-সবুজের দল। বরং অভিজ্ঞ দলটির বিরুদ্ধে সমানতালে লড়াই করে জয়ের সমান এক ড্র তুলে নিয়েছে বাংলাদেশ। সাফ ফুটসালে নিজেদের প্রথম ম্যাচটি ৪-৪ গোলে ড্র করেছে লাল-সবুজরা। বাংলাদেশ-ভারতের ম্যাচ দিয়ে এবারের আসরের উদ্বোধনও হয়েছে।
ম্যাচে রোলার কোস্টারের মতো কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে গেছে ভারত। খেলার পরতে পরতে ছিল রোমাঞ্চে ঠাসা। থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে দুই অর্ধে (২০ মিনিট করে) গোল হয়েছে চারটি করে। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন কানাডা প্রবাসী অধিনায়ক রাহবার খান ও মঈন আহমেদ। প্রথমে অবশ্য গোলের খাতাটা বাংলাদেশই খোলে।
অধিনায়ক রাহবারের পাস থেকে এগিয়ে দেন মঈন। এরপর ভারতকে সমতায় ফেরান আনমোল অধিকারী। প্রথমার্ধের প্রথম টাইম আউটের আগে বাংলাদেশ আবারও এগিয়ে যায়। এবার মঈনের পাস থেকে গোল করেন রাহবার (২-১)। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ টেকেনি।
বিরতির ঠিক আগে ভারতের লালসোয়ামপুইয়ার শট বাংলাদেশের তুহিনের পায়ে লেগে আত্মঘাতী গোলে রূপ নেয় (২-২)। দ্বিতীয়ার্ধের শুরুতে লালরিনজুয়ালার পাস থেকে হেডে ভারতকে উচ্ছ্বাসে ভাসান রোলুয়াপুইয়া (৩-২)। বাংলাদেশ সমতা ফেরায় মঈনের গোলে।
ইনতিসারের পাসে বল পেয়ে কোনাকুনি শটে গোল করেন মঈন (৩-৩)। ম্যাচের শেষ মুহূর্তে আরও জমে ওঠে খেলা। ভারতের চতুর্থ গোলটি আসে রোলুয়াপুইয়ার পা থেকে (৪-৩)। কিন্তু তাদের জিততে দেননি রাহবার। আনমোল অধিকারীর ভুলের সুযোগ নিয়ে দারুণ শটে বাংলাদেশকে সমতায় ফেরান অধিনায়ক (৪-৪)। হুটার শেষবারের মতো বাজার আগে বাংলাদেশ এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল কয়েকবার।
সাফ ফুটসালের এবারকার আসরে শুধু বাংলাদেশের পুরুষ ফুটবলাররাই অংশ নিচ্ছে না; সাবিনা খাতুন, মাসুরা পারভীনদের নিয়ে গড়া নারী দলও অংশ নিচ্ছে। আজ মাঠে নামবেন সাবিনারা। রাহবারদের মতো নারী সাফ ফুটসালে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত। নারী-পুরুষ উভয় টুর্নামেন্টেই সাফের ছয়টি করে দেশ অংশগ্রহণ করছে। পাঁচ ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্টধারী দল চ্যাম্পিয়ন হবে।
সময়ের আলো/কেএইচও