লিগ অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে

মামুন হোসেন

বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) চলতি মৌসুমে প্রথমপর্ব শেষে পয়েন্ট টেবিলের সমীকরণ অন্যবারের চেয়ে কিছুটা ভিন্ন। টানা চারবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের

2026-01-16T04:52:44+00:00
2026-01-16T04:52:44+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
লিগ অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে
মামুন হোসেন
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৪:৫২ এএম 
বসুন্ধরা কিংস ক্লাবের সভাপতি ইমরুল হাসান। ছবি : সময়ের আলো এসকে
বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) চলতি মৌসুমে প্রথমপর্ব শেষে পয়েন্ট টেবিলের সমীকরণ অন্যবারের চেয়ে কিছুটা ভিন্ন। টানা চারবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের একচ্ছত্র আধিপত্যে এবার ভাগ বসিয়েছে ফর্টিস এফসি। ঘাড়ে নিশ্বাস ফেলছে রহমতগঞ্জ, পুলিশ এফসির মতো দল। লিগের প্রথম লেগে প্রত্যাশিত ফলাফল না পাওয়া, অ্যাওয়ে ম্যাচের প্রতিকূলতা (মাঠ) এবং নির্বাচনের প্রভাবে লিগের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন বসুন্ধরা কিংস ক্লাবের সভাপতি ইমরুল হাসান। ‘সময়ের আলো’র সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি জানিয়েছেন দলের বর্তমান অবস্থা, লিগের দ্বিতীয়পর্বের লক্ষ্য এবং জাতীয় দলে প্রবাসী ফুটবলারদের জোয়ার নিয়ে তার ব্যক্তিগত পর্যবেক্ষণ। সাক্ষাৎকারটি নিয়েছেন সিনিয়র ক্রীড়া প্রতিবেদক মামুন হোসেন...

সময়ের আলো : বাংলাদেশ ফুটবল লিগের মধ্যবর্তী দলবদল চলছে। বসুন্ধরা কিংসে নতুন কোনো খেলোয়াড়ের অন্তর্ভুক্তি হচ্ছে কি না? লিগের দ্বিতীয় লেগ নিয়ে আপনার পরিকল্পনা কী?

Advertisement
ইমরুল হাসান : আমাদের আসলে এই মুহূর্তে আর কোনো প্লেয়ার অন্তর্ভুক্ত করার কোনো ইচ্ছে নেই। যে দলটা আছে সেটা নিয়েই আমরা লিগের বাকি সময়টুকু খেলতে আগ্রহী।

সময়ের আলো : পূর্ববর্তী লিগগুলোতে প্রথম লেগের রেজাল্ট অন্য দলগুলোর সঙ্গে কিংসের ব্যবধান গড়ে দিত। এবার একটু ভিন্ন দেখা গেল। দলে এত ভালো প্লেয়ারদের থাকা সত্ত্বেও প্রথম লেগে প্রত্যাশামতো ফল হলো না। এ ব্যাপারে কী বলবেন?

ইমরুল হাসান : যে দলটা এবার আমরা গড়েছি গতবারের চেয়ে আমার দৃষ্টিতে ভালো টিম। সবকিছু ভালোই চলছিল, কিন্তু লিগের শেষ তিনটা ম্যাচে এসে আমরা প্রত্যাশামাফিক ফলাফল করতে পারিনি বলেই অন্য দলগুলোর সঙ্গে পয়েন্ট ব্যবধান কমে এসেছে। এর আগপর্যন্ত কিন্তু মোটামুটি একটা ভালো ব্যবধানেই আমরা শীর্ষস্থানে ছিলাম। আমি মনে করি যে, দ্বিতীয় লেগ থেকে টিম ঘুরে দাঁড়াতে সক্ষম হবে ইনশাআল্লাহ।

সময়ের আলো : দ্বিতীয় লেগে দলের প্রতি আপনার পক্ষ থেকে বিশেষ নির্দেশনা থাকবে কি না?

ইমরুল হাসান : আমরা কিন্তু এবার প্রথম লেগে অনেক গোল করেছি। কিন্তু শেষের দিকে এসে আমরা কয়েকটা ম্যাচে গোল হজমও করেছি। এটাই আসলে আমাদের খারাপ রেজাল্টের কারণ। এ বিষয়ে আমরা কোচদের সঙ্গে বসেছি। প্লেয়ারদের সঙ্গেও বসেছি। আশা করি গোল খাওয়া থেকে আমরা যদি দলকে বিরত রাখতে পারি, তা হলে ফলাফল এমনিতেই আসবে।

সময়ের আলো : কিংস অ্যারেনা ছাড়া লিগের অন্য মাঠগুলোর অবস্থা ভালো না। অনেক প্লেয়ার ইনজুরিতে পড়েছে। মাঠ দলের রেজাল্টে প্রভাব ফেলেছে কি?

ইমরুল হাসান : এটা ঠিক যে মাঠগুলোর অবস্থা খুব বেশি ভালো না। প্রথমপর্বে আমাদের খেলাগুলোর ফলাফল দেখেন, আমরা পিডব্লিউডি, ফকিরেরপুলের সঙ্গে ড্র করেছি এবং পুলিশের কাছে হেরেছি। এই তিনটি কিন্তু আমাদের অ্যাওয়ে ম্যাচ খেলতে হয়েছে। বসুন্ধরা কিংস যে মাঠে অনুশীলন করে থাকে, বাইরে খেলতে গেলে এই খারাপ মাঠগুলো অবশ্যই কিছুটা অসুবিধা সৃষ্টি করে। মাঠ সমস্যা এবার ছিল এবং আমরা শেষ মুহূর্তে এনএসসি থেকে পারমিশনগুলো পেয়েছি। আশা করছি যে এবার যেহেতু আমরা বেশ কয়েকটি মাঠ ফুটবলের জন্য সেভ করেছি, আগামী বছরগুলোতে হয়তো মাঠের এই সমস্যা থাকবে না। মাঠ যদি ভালো হয়, খেলা ভালো এমনিতেই হবে। মাঠের বাইরের অন্যান্য জিনিস বাদ দিলেও শুধু খেলাটাকে আমরা যদি বিবেচনা করি, তা হলে এবারের লিগটা কিন্তু অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে। পয়েন্ট টেবিলের দিকে তাকালেই দেখতে পাবেন। ফুটবলারদের জন্য ভালো লক্ষণ যে দলগুলোর মধ্যে ব্যবধান কমে আসছে, ফুটবল লিগটা জমজমাট হচ্ছে।

সময়ের আলো : আপনি বলছেন এবারের লিগ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে। এর কারণটা জানতে চাই?

ইমরুল হাসান : লিগে আমরা এবার বেশ কিছু নতুন নিয়ম অন্তর্ভুক্ত করেছি। যেমন সাফের প্লেয়ারদের স্থানীয় হিসেবে খেলানো এবং অনূর্ধ্ব-১৮ বছরের একজন প্লেয়ারকে একাদশে রাখা। আমার মনে হয় এই জায়গাগুলোতে এসে মোহামেডান কিংবা কিংস তেমন সাফের কোনো প্লেয়ারকে অন্তর্ভুক্ত করেনি, বাকি দলগুলো মোটামুটিভাবে যারা একটু মাঝারি মানের সবাই কিন্তু সাফ প্লেয়ারদের নিয়েছে। আমি মনে করি যে দলগুলোর সঙ্গে একটা ব্যবধান কমে আসছে। এটা ফুটবলের জন্য ভালো।

সময়ের আলো : সামনে জাতীয় নির্বাচন, তার আগে লিগের দ্বিতীয়পর্বের খেলা শুরু হবে। খেলোয়াড়রা বিভিন্ন ভেন্যুতে খেলতে যাবে। তাদের নিরাপত্তাসহ নানা বিষয় রয়েছে। নির্বাচনের প্রভাব লিগে পড়বে বলে মনে করেন কি না?

ইমরুল হাসান : আমরা কিন্তু মৌসুমের শুরুতেই দ্বিতীয় লেগের একটা ক্যালেন্ডার তৈরি করেছিলাম। তখন পর্যন্ত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষিত হয়নি। এখন যেহেতু ফেব্রুয়ারির ১২ তারিখে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষিত হয়েছে, তো আমাদের শিডিউলটা আবার পুনর্নির্ধারণ করতে হয়েছে। নির্বাচনের আগে এক রাউন্ডের খেলা আছে। সিকিউরিটির কথা চিন্তা করেই আমরা এই ফিক্সচারটাকে রিশিডিউলিং করেছি। ৬ তারিখে লিগ শুরু আর ১২ তারিখে নির্বাচন। এর মধ্যে খুব একটা প্রভাব ফেলবে বলে আমার মনে হয় না।

সময়ের আলো : সম্প্রতি ফুটবলের জোয়ার নিয়ে বেশ আলোচনা হচ্ছে। বিশেষ করে গত বছর ঘরের মাঠে ভারতকে হারানোর পর থেকে ফুটবলের একটা উন্মাদনা তৈরি হয়েছে। এই জোয়ারটা ধরে রাখার উপায় কী?

ইমরুল হাসান : এ ক্ষেত্রে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তিটা বিশাল প্রভাবক হিসেবে কাজ করেছে। পাশাপাশি আরও কিছু বিদেশি বংশোদ্ভূত যারা ইতিমধ্যেই ফুটবল অঙ্গনে তারকা খ্যাতি পেয়েছে তাদের অন্তর্ভুক্তির কারণেই কিন্তু সাধারণ জনতার মধ্যে একটা নতুন ধরনের উন্মাদনা তৈরি হয়েছে। এই উন্মাদনাটাকে ধরে রাখতে গেলে আমাদের লিগগুলো নিয়মিত হতে হবে। শুধু ঢাকার লিগ না, ঢাকার বাইরের লিগগুলো নিয়মিত হতে হবে এবং বয়সভিত্তিক টুর্নামেন্টগুলো নিয়মিত করতে হবে।

সময়ের আলো : আপনার মধ্যে মিডিয়া বিমুখতা লক্ষ করা যাচ্ছে। মিডিয়াতে আপনাকে সেভাবে পাওয়া যায় না। হঠাৎ এ পরিবর্তন কেন?

ইমরুল হাসান : মিডিয়া বিমুখতা নয়, কাজের ব্যস্ততা এবং ব্যক্তিগত কারণেই হয়তো সবসময় আসা হয় না।

সময়ের আলো : এবার একটু ভিন্ন প্রসঙ্গে জানতে চাই। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছিলেন একজন ফুটবলপ্রেমী। ফুটবলে তার অবদান, সাফ জেতার পর প্লেয়ারদের প্লট দেওয়া, আরও অনেক ঘটনা। খালেদা জিয়ার মতো একজন অভিভাবক হারানো ক্রীড়াঙ্গনের জন্য কতটা ক্ষতি বলে আপনি মনে করেন?

ইমরুল হাসান : খালেদা জিয়া সম্পর্কে বলতে গেলে এই সংক্ষিপ্ত পরিসরে বলা কোনোভাবেই সম্ভব নয়। এককথায় বলা যায় শুধু স্পোর্টস নয়, আমরা বাংলাদেশিরাই একজন অভিভাবককে হারালাম। তার শূন্যতা আমাদের সামনের দিনগুলোতে আমরা আরও বেশি করে উপলব্ধি করতে পারব যে খালেদা জিয়া কী ছিলেন, উনি দেশের জন্য কী করেছেন এবং উনি দেশকে আরও কী দিতে পারতেন। এটাও সত্য যে মানুষ মরণশীল, মানুষকে মরতেই হবে, কিন্তু আদর্শ চিরস্থায়ী। আমরা যারা আছি এবং পরবর্তী প্রজন্ম যারা আছে তারা যদি খালেদা জিয়ার আদর্শকে মনে-প্রাণে ধারণ করে তা বাস্তবায়নে কাজ করে যেতে পারে, আমার মনে হয় যে বাংলাদেশ তার সঠিক পথে চলতে পারবে।

সময়ের আলো/এসকে/ 


  বিষয়:   লিগ  প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ  সাক্ষাৎকার 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: