প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৬:২০ পিএম আপডেট: ১৬.০১.২০২৬ ৬:২২ পিএম
আবহাওয়া অধিদফতর। ছবি : সংগৃহীত তিনটি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। এর মধ্যে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে বলে আবহাওয়া অধিদফতরের দেওয়া এক পূর্বাভাসে জানানো হয়েছে। এসময় তাপমাত্রা কিছুটা কমলেও হাড়কাঁপানো শীত পড়বে কি না, সে ব্যাপারে পূর্বাভাসে কিছু উল্লেখ করেনি আবহাওয়া অধিদফতর।
শুক্রবার (১৬ জানুয়ারি) আবহাওয়া অধিদফতরের দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।
পূর্বাভাসে বলা হয়েছে, ১৮ জানুয়ারি পর্যন্ত সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে। এরপর তাপমাত্রা কিছুটা কমলেও হাড়কাঁপানো শীত পড়বে কি না, সে ব্যাপারে পূর্বাভাসে কিছু উল্লেখ করা হয়নি।
এতে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনাজপুর, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
এ ছাড়া শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোনো কোনো এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৪, রাজশাহীতে ১০ দশমিক ৪, রংপুরে ১১ দশমিক ৮, চট্টগ্রামে ১৬ দশমিক ২, ময়মনসিংহে ১৫, সিলেটে ১৩ দশমিক ৫, খুলনায় ১৩ এবং বরিশালে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সময়ের আলো/কেএইচও