কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের পাহাড়ি এলাকায় মানবপাচারকারীদের সঙ্গে পাহাড়ি সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় সুমাইয়া আক্তার (১৮) নামে এক তরুণীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
সুমাইয়া টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া (ফার্ম) নামক এলাকার বাসিন্দা মো. ছিদ্দিকের মেয়ে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে টেকনাফের একটি পাহাড়ে এ গোলাগুলির ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইলিয়াস।
তিনি বলেন, সাগর পথে মালয়েশিয়া পাঠাতে কয়েকজনকে পাহাড়ে জড়ো করে মানবপাচারকারী চক্র। এ সময় পাহাড়ে থাকা সন্ত্রাসীরা ওই স্থানের দিকে যেতে চাইলে দুপক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। গোলাগুলির শব্দ শুনে পার্শ্ববর্তী ঘর থেকে উঁকি দিয়ে দেখার চেষ্টা করেন এক তরুণী। এক পর্যায়ে একটি গুলি এসে তার পেটে লাগে। পরে পরিবার ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নওশাদ আলম বলেন, সন্ধ্যার পরে কিছু লোকজন ১৮ বছর বয়সী এক তরুণীকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই তরুণীর মৃত্যু হয়। তার শরীরে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত ওসি কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তরুণীর লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
সময়ের আলো/এআর