ফিফা বিশ্বকাপ ২০২৬ : বাফুফের জন্য বরাদ্দ ৩৩০ টিকেট

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে অনেক দিন পর এলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি এবং পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান বসুন্ধরা কিংস ক্লাব

2026-01-18T04:34:25+00:00
2026-01-18T04:34:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬ : বাফুফের জন্য বরাদ্দ ৩৩০ টিকেট
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৪:৩৪ এএম 
ফাইল ছবি
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে অনেক দিন পর এলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি এবং পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান বসুন্ধরা কিংস ক্লাব প্রেসিডেন্ট ইমরুল হাসান। পেশাদার লিগ কমিটির সভায় উপস্থিত ছিলেন তিনি। সভাশেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। কথা বলেছেন বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবুও।

ফিফা বিশ্বকাপ ২০২৬ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে যৌথভাবে। সেই বিশ্বকাপ দেখতে ৩৩০টি টিকেট বাফুফের জন্য বরাদ্দ করেছে ফিফা। ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ ফুটবল ম্যাচ স্টেডিয়ামে দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে টিকেট সংগ্রহে তুমুল লড়াইয়ের সৃষ্টি হয়। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকেট বরাদ্দ রাখে। সে হিসাবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকেট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে। 

জাতীয় দল কমিটির সভা শেষে বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান জানিয়েছেন, ‘নন-প্লেয়িং কান্ট্রি হিসেবে আমাদের ৩৩০টির বেশি টিকেট পাওয়ার সুযোগ নেই। আগামীকাল থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টিকেটের জন্য আবেদন গ্রহণ করা হবে। আবেদন ফরমের মূল্য ৫০০ টাকা ও নির্দিষ্ট টিকেটের দাম পরিশোধ করতে হবে। প্রেস রিলিজের মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রদান করা হবে।’ বাফুফের নির্বাহী কমিটি, ক্লাব, সাবেক ফুটবলার ও সংগঠকরা প্রাধান্য পেয়ে থাকেন বিশ্বকাপ টিকেটের ক্ষেত্রে। পৃষ্ঠপোষক, সরকার, রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ীসহ সমাজের নানা স্তরের ব্যক্তিদের বিশ্বকাপ টিকেটের চাহিদা থাকে ফেডারেশনের ওপর।

বিশ্বকাপের টিকেটের পাশাপাশি মার্চে সিঙ্গাপুর ম্যাচ নিয়ে কথা হয়। এ ব্যাপারে আমিরুল ইসলাম বাবু জানান, ‘আমাদের ন্যাশনাল টিমের সামনে যে খেলাটা রয়েছে, সেই খেলাটা কিন্তু আপনারা জানেন যে সিঙ্গাপুরের সঙ্গে আমাদের খেলা মার্চ মাসে এবং এই সিঙ্গাপুরের সঙ্গে খেলাকে সামনে রেখেই কিন্তু আজকের সব আলাপ-আলোচনা, পর্যালোচনা। সে ক্ষেত্রে একটা সিদ্ধান্ত আজকে সর্বসম্মতিক্রমে আমাদের গৃহীত হয়। সেটা হচ্ছে, আগামী ২০ মার্চ থেকে আমাদের ন্যাশনাল টিম ক্যাম্প শুরু হবে। আমরা ২০ মার্চে ক্যাম্প শুরু করে ২৮ মার্চে আমরা সিঙ্গাপুরে যাব।’

বাবু আরও যোগ করেন, ‘সিঙ্গাপুরে যাওয়ার আগে মার্চ মাসে ২০২৬-এ ফিফা উইন্ডো একটু ফিফা টায়ার ওয়ানের আন্তর্জাতিক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং সেখানে আমরা আজকে সর্বসম্মতিক্রমে একটা সিদ্ধান্ত নিয়েছি, দুটি দেশের সঙ্গে আমাদের আলাপ-আলোচনা চলছে। সেই দুটি দেশের মধ্যে একটি দেশ হচ্ছে কম্বোডিয়া, আরেকটা হচ্ছে তিমুর লেস্তে। এই দুদলের মধ্যে আমরা যেকোনো একটা দলকে বেছে নেব।’




Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: