ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশের খসড়া চূড়ান্ত হয়েছে। শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পর্যায়ের সব আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করে রোববার চূড়ান্ত খসড়াটি মন্ত্রীপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। এখন এটি সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধ্যাদেশটি দ্রুততম সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পাবে বলে আশা করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অধ্যাদেশ চূড়ান্ত করার আগে একাধিক গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করতে হয়েছে। এর মধ্যে ছিল সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মতামত গ্রহণ, মন্ত্রণালয়ের ওয়েবসাইটে খসড়া প্রকাশ করে সর্বসাধারণের মতামত সংগ্রহ, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন এবং বিশেষজ্ঞদের অভিমত গ্রহণ।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ জানায়, অধ্যাদেশ প্রণয়নের ক্ষেত্রে সবার যৌক্তিক প্রত্যাশা ও উদ্বেগ বিবেচনায় নিয়ে এমন একটি কাঠামো নির্ধারণ করা হয়েছে, যা স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সহায়ক হবে। সংশ্লিষ্ট সকলের ধৈর্যশীল সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার ফলে এই জটিল প্রক্রিয়া শেষ পর্যায়ে নিয়ে আসা সম্ভব হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আরও পড়ুন
এতে আরও বলা হয়, একটি টেকসই ও বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে মৌলিক ও অবকাঠামোগত সংস্কার অত্যন্ত সুশৃঙ্খলভাবে ধাপে ধাপে সম্পন্ন করা জরুরি। যে কোনো পর্যায়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা বিশৃঙ্খলা পুরো উদ্যোগকে ব্যাহত করতে পারে।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিস মাহমুদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে- অধ্যাদেশটি যেহেতু সরকারের সর্বোচ্চ পর্যায়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে, সেহেতু জনদুর্ভোগ সৃষ্টি হয় বা স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়- এমন কর্মসূচি থেকে বিরত থাকতে। আবেগপ্রসূত বা অস্থিতিশীল পরিস্থিতি দীর্ঘদিনের প্রচেষ্টা ও অর্জনকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় আশা প্রকাশ করে জানায়, ধৈর্য, সংযম ও পারস্পরিক সহযোগিতার এই ধারাবাহিকতা বজায় থাকলে খুব শিগগিরই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু করা সম্ভব হবে। এটি বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও মনে করছে মন্ত্রণালয়।
এএডি/