ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তৈরি হওয়া জটিলতায় বাংলাদেশের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান। বাংলাদেশের দাবিগুলো আমলে না নিলে বিশ্বকাপের ম্যাচ বয়কটের কথাও ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
রোববার (১৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।
প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তাজনিত কারণে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না চাওয়ার পেছনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে যুক্তিগুলো তুলে ধরেছে, সেগুলোকে যৌক্তিক বলে মনে করছে ইসলামাবাদ। এ ইস্যুতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যদি কার্যকর কোনো সমাধান দিতে ব্যর্থ হয়, তবে বাংলাদেশের অবস্থানকে সমর্থন করবে পাকিস্তান।
এমন পরিস্থিতিতে বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথাও স্পষ্টভাবে জানিয়েছে পিসিবি। একই সঙ্গে ভারত যেন বাংলাদেশকে এই সিদ্ধান্ত পরিবর্তনে চাপ দিতে না পারে, সে বিষয়েও নজর রাখার কথা বলেছে তারা।
আরও পড়ুনপাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতে না যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের উদ্বেগ সম্পূর্ণ বৈধ। কোনো দলকে জোরপূর্বক এমন সিদ্ধান্তে বাধ্য করা উচিত নয়। বাংলাদেশের সমস্যা সমাধান না হলে পাকিস্তানও বিশ্বকাপে নিজেদের অংশগ্রহণ নিয়ে নতুন করে ভাববে।
উল্লেখ্য, নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বিসিবি তাদের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দিয়ে আইসিসিকে চিঠি পাঠিয়েছে। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত সম্মতি দেয়নি ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
বরং বাংলাদেশকে ভারতে গিয়ে খেলতে রাজি করাতে সক্রিয় হয়েছে আইসিসি। সেই লক্ষ্যে শনিবার ঢাকায় প্রতিনিধি দল পাঠানো হলেও বিসিবি কর্মকর্তাদের অবস্থানে পরিবর্তন আসেনি।
এদিকে, সম্ভাব্য বয়কটের সিদ্ধান্তে দৃঢ় থাকতে পাকিস্তানের সমর্থন চেয়েছে বাংলাদেশ। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের পাশে পূর্ণ সমর্থন নিয়ে দাঁড়াতে প্রস্তুত বলেই জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
এএডি/