১ ফেব্রুয়ারির মধ্যে বাড়ি ভাড়া না করলে প্যাকেজ বাতিল

নিজস্ব প্রতিবেদক

বেশিরভাগ বাংলাদেশি লিড এজেন্সি এখনও মক্কা-মদিনায় হজযাত্রীদের বাড়ি ভাড়া চুক্তি না করায় উদ্বেগ প্রকাশ করেছে সৌদি সরকার। এ প্রেক্ষাপটে সৌদি

2026-01-19T05:30:30+00:00
2026-01-19T05:30:30+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
১ ফেব্রুয়ারির মধ্যে বাড়ি ভাড়া না করলে প্যাকেজ বাতিল
হজযাত্রা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৫:৩০ এএম   (ভিজিট : ১৮৬)
সংগৃহীত ছবি
বেশিরভাগ বাংলাদেশি লিড এজেন্সি এখনও মক্কা-মদিনায় হজযাত্রীদের বাড়ি ভাড়া চুক্তি না করায় উদ্বেগ প্রকাশ করেছে সৌদি সরকার। এ প্রেক্ষাপটে সৌদি আরবের নির্ধারিত সময় আগামী ১ ফেব্রুয়ারির মধ্যেই হজ যাত্রীদের বাড়ি ভাড়া শেষ করার জন্য লিড এজেন্সিগুলোকে নির্দেশনা দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এ ছাড়া বাড়ি ভাড়া নিশ্চিতে এজেন্সির দেওয়া বিমান টিকেটের চাহিদা দ্রুত নিশ্চিতের জন্য হজযাত্রী বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্সের কাছে আরেকটি চিঠি পাঠিয়েছে ধর্ম মন্ত্রণালয়। 

১৭ জানুয়ারি পাঠানো চিঠিতে বলা হয়, ২০২৬ সালের হজযাত্রীদের জন্য মক্কা-মদিনায় বাড়ি ভাড়াসহ অন্যান্য কার্যক্রম সৌদি টাইমলাইন অনুযায়ী ১ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে।

গত ১৫ জানুয়ারি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মহাপরিচালক জুম সভায় জানান যে, বাংলাদেশি হজযাত্রীদের জন্য এজেন্সির মক্কা-মদিনায় বাড়ি ভাড়া করার অগ্রগতি খুবই হতাশাজনক।

তিনি এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, বাড়ি ভাড়ার সময় কোনোভাবেই বাড়ানো হবে না। নির্ধারিত সময়ের মধ্যে কোনো এজেন্সি বাড়ি ভাড়া সম্পন্ন করতে ব্যর্থ হলে যতজনের বাড়ি ভাড়া অবশিষ্ট থাকবে ততজনের তাঁবু এবং সার্ভিস প্যাকেজ বাতিল হয়ে যাবে।

চিঠিতে আরও বলা হয়, গত ১৬ জানুয়ারি বাংলাদেশ সময় রাত ৯টায় নুসুক মাসার প্ল্যাটফর্ম হতে প্রাপ্ত রিপোর্টে ৩০টি লিড এজেন্সির তথ্যে দেখা যায় মক্কায় ৭ দশমিক ২৬ শতাংশ ও মদিনায় ১১ দশমিক ৩৫ শতাংশ বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে। ১১টি লিড এজেন্সি মক্কা-মদিনার কোনো স্থানেই এখন পর্যন্ত বাড়ি ভাড়া শুরু করেনি। এ অবস্থায় ১ ফেব্রুয়ারির মধ্যেই হজযাত্রীদের জন্য মক্কা-মদিনায় বাড়ি ভাড়া আবশ্যিকভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সব লিড এজেন্সিকে নির্দেশনা দেওয়া হয় চিঠিতে।

চিঠিতে বলা হয়, মক্কা-মদিনায় বাড়ি ভাড়া, পরিবহন চুক্তি, হজযাত্রীর কুরবানি ইত্যাদি সৌদি পর্বের খরচ নির্বাহের জন্য যদি কোনো এজেন্সির অর্থ পাঠানোর প্রয়োজন হয় তবে আগামী ২০ জানুয়ারির মধ্যে তা এজেন্সির সৌদি আরবের আইবিএএন (আন্তর্জাতিক ব্যাংক হিসাব নম্বর) হিসাবে পাঠানো নিশ্চিত করতে হবে। বাড়ি ভাড়াসহ সব কার্যক্রম সৌদি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন না করার কারণে কোনো হজযাত্রীর হজে যাওয়া অনিশ্চিত হলে এর দায়ভার সংশ্লিষ্ট এজেন্সিকে বহন করতে হবে।

অন্যদিকে বাড়ি ভাড়া নিশ্চিতে এজেন্সির দেওয়া বিমান টিকেটের চাহিদা দ্রুত নিশ্চিতের জন্য হজযাত্রী বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্সের কাছে আরেকটি চিঠি পাঠিয়েছে ধর্ম মন্ত্রণালয়। 

ওই চিঠিতে বলা হয়, অনুমোদিত ফ্লাইট শিডিউল এরই মধ্যে এয়ারলাইন্সগুলো হজ পোর্টালে আপলোড করেছে। এজেন্সিগুলো হজযাত্রীদের জন্য মক্কা-মদিনায় বাড়ি ভাড়া নিশ্চিতে এয়ারলাইন্স বরাবর বিমান টিকেটের চাহিদা দাখিল করছে। এ চাহিদাগুলো সংশ্লিষ্ট তিনটি এয়ারলাইন্সের দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করা প্রয়োজন।

সৌদি নির্দেশনা অনুযায়ী এক সার্ভিস কোম্পানির হজযাত্রী একই ফ্লাইটে সৌদি আরবে গমন করবে। এ ছাড়া একই এজেন্সির মোট হজযাত্রীর কমপক্ষে ২০ শতাংশ প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী সময়ে এবং প্রথম ও শেষ পর্যায়ে ৩০ থেকে ৫০ শতাংশ বিমান টিকেট এজেন্সির অনুকূলে ইস্যুর ব্যবস্থা নিতে হবে। 

তবে প্রি-হজ ফ্লাইটের প্রথম বা শেষ কোনো পর্যায়েই ৩০ শতাংশের কম এবং ৫০ শতাংশের বেশি একটি এজেন্সির অনুকূলে টিকেট ইস্যু করা যাবে না। এ অবস্থায় হজযাত্রীদের বাড়ি ভাড়া (বিশেষত মদিনা) চুক্তি সম্পন্ন করতে এজেন্সিগুলোর দাখিল করা বিমান টিকেটের চাহিদা এয়ারলাইন্সগুলো পারস্পারিক সমন্বয়ের ভিত্তিতে ১৯ জানুয়ারির মধ্যে নিশ্চিত করে ধর্ম মন্ত্রণালয়কে জানাতে বলা হয়েছে।

হজযাত্রীদের টিকা ৮০টি কেন্দ্র থেকে দেওয়া হবে : ২০২৬ সালের হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। দেশের ৮০টি কেন্দ্র থেকে দেওয়া হবে হজযাত্রীদের টিকা। এসব কেন্দ্র হতে হজযাত্রীদের মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা দেওয়া হবে। রোববার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর দেশের ৬৪টি সিভিল সার্জন অফিস থেকে টিকা নেওয়া যাবে। এ ছাড়া ঢাকা মহানগরীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি কর্মচারী হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও বাংলাদেশ সচিবালয় ক্লিনিক থেকে হজযাত্রীরা টিকা নিতে পারবেন।

ঢাকার বাইরে গাজীপুরের শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ার ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল ও দিনাজপুরের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল থেকেও এ টিকা নেওয়া যাবে।

টিকা প্রদানের তারিখ পরবর্তী সময়ে হজযাত্রীদের মোবাইলে খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ টিকা গ্রহণের জন্য স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ও হজ পোর্টাল থেকে ই-হেলথ প্রিন্ট করে সঙ্গে নিতে হবে। হজ বিষয়ক যেকোনো তথ্যের জন্য ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে হজ ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত এ মন্ত্রণালয়।

সময়ের আলো/এআর

  বিষয়:   হজযাত্রা  প্যাকেজ  বাতিল 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: