নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খালে, আহত ২০

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নাগদা এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খালে পড়ে গেছে। এ ঘটনায় অন্তত ২০

2026-01-19T22:32:34+00:00
2026-01-19T22:32:34+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খালে, আহত ২০
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১০:৩২ পিএম   (ভিজিট : ২৩৭)
দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাস। ছবি : সময়ের আলো
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নাগদা এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খালে পড়ে গেছে। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে মতলব-গৌরীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। 

দুর্ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের পরিচয় জানা গেছে। তারা হলেন—মতলব দক্ষিণ উপজেলার নওগাঁও গ্রামের মো. রাব্বি (২৫), রুবি (৪৯), ফরিদগঞ্জ উপজেলার সন্তোষপুর গ্রামের মোস্তফা (৬৫), চান্দ্রা বাজার এলাকার বায়েজিদ (৩), ইয়াসমিন (২৪), চাঁদপুর সদর উপজেলার সোবান গ্রামের লাভলু (৪৫) ও সাখুয়া গ্রামের শফিকুর রহমান (৪০)। বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাসস্ট্যান্ড থেকে ৩০-৩৫ জন যাত্রী নিয়ে ‘জৈনপুর পরিবহন’ নামের বাসটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। বাসটি নাগদা এলাকায় পৌঁছালে একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি উল্টে পাশের খালে পড়ে যায়।

বাসের একাধিক যাত্রী জানান, হঠাৎ করেই বাসটি উল্টে খালে পড়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই সবাই পানির মধ্যে পড়ে যান। তারা আল্লাহর রহমতে প্রাণে বেঁচে গেছেন বলে মন্তব্য করেন।


স্থানীয় বাসিন্দা শাহাদাত হোসেন বলেন, বাড়িতে কাজ করছিলাম, হঠাৎ বিকট শব্দ শুনে দৌড়ে এসে দেখি বাস খালে পড়ে আছে। এরপর স্থানীয়দের নিয়ে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই।

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রতন কুমার দাস জানান, দুর্ঘটনায় আহত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চাঁদপুর সদর হাসপাতালে রেফার করা হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মেহেদী হাসান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বাসটি উদ্ধারের কাজ করছে ফায়ার সার্ভিস।

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কেএম ইশমাম বলেন, দুর্ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর বাস চালক ও তার সহকারী (হেলপার) পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

আরআর


  বিষয়:   বাস  খাল  আহত  চাঁদপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: