বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশতম আসর এসে দাঁড়িয়েছে শেষ বাঁকে। মাঠের লড়াইয়ের পাশাপাশি নানা নাটকীয়তা পেরিয়ে আজ শুরু হচ্ছে সেই পর্ব, যেখানে আর ভুল করার সুযোগ নেই।
প্লে-অফের চার দলের লড়াই থেকেই নির্ধারিত হবে কে যাবে ফাইনালে, আর কার যাত্রা থামবে এখানেই। দুপুর ১টায় এলিমিনেটরে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রংপুর রাইডার্স।
হারলে বিদায়, জিতলে বেঁচে থাকার আরেকটি সুযোগ— এই সমীকরণেই নামছে দুদল।
গ্রুপপর্বে ওঠানামার মধ্য দিয়ে প্লে-অফে পৌঁছানো সিলেট শেষ মুহূর্তে দলকে আরও শক্ত করেছে। ইংল্যান্ডের ক্রিস ওকস ও স্যাম বিলিংসকে উড়িয়ে এনে তারা বার্তা দিয়েছে, ফাইনালের স্বপ্ন এখনও জিইয়ে রাখতে চায়। আগেই দলে থাকা মঈন আলীর অভিজ্ঞতা যোগ করে আলাদা ভারসাম্য। অন্যদিকে রংপুর রাইডার্স শুরু থেকেই ছিল গোছানো এক দল। দেশি-বিদেশি একাধিক নামি ক্রিকেটার নিয়ে শক্ত স্কোয়াড গড়া হলেও পারফরম্যান্সে প্রত্যাশার পুরো প্রতিফলন সবসময় মেলেনি।
আজকের ম্যাচে হেরে গেলে তাদের জন্য এবারের বিপিএল সেখানেই শেষ। দিনের দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৬টায়, প্রথম কোয়ালিফায়ারে লড়বে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। টুর্নামেন্টজুড়ে ধারাবাহিকতা দেখানো দুদলের এই লড়াইয়ের গুরুত্ব আলাদা। জিতলেই সরাসরি ফাইনালে জায়গা নিশ্চিত হবে। যে দল হারবে তারা খেলবে এলিমিনেটরে জয়ী দলের সঙ্গে। তাই ফাইনালে যাওয়ার আরেকটি সুযোগ থাকছে।
চট্টগ্রাম রয়্যালস বড় তারকার দাপট ছাড়াই পুরো আসরে নজর কেড়েছে দেশি ক্রিকেটারদের পারফরম্যান্সে। দল হিসেবে তাদের শক্তি ছিল ব্যালান্সে। অন্যদিকে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে রাজশাহী ওয়ারিয়র্স ছিল গ্রুপপর্বের সবচেয়ে ধারাবাহিক দল। টেবিলের শীর্ষে থেকেই তারা প্লে-অফে উঠেছে আত্মবিশ্বাস নিয়ে।
সব মিলিয়ে আজ থেকেই শুরু হচ্ছে বিপিএলের ফাইনাল লড়াইয়ের আসল গল্প। একদিকে বিদায়ের শঙ্কা, অন্যদিকে সরাসরি ফাইনালের হাতছানি— এই চাপ সামলাতে পারলেই মিলবে শেষ মঞ্চের টিকেট।
এফআর