নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোচালক সোহেলকে শ্বাসরোধে হত্যার পর অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার মুছারচর এলাকায় প্রতিবন্ধী অটোচালকের স্কসটেপ মোড়ানো মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সোহেল উপজেলার সাদীপুর ইউনিয়নের নয়াপুর পশ্চিমপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে। তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।
নিহতের পরিবার জানায়, সোহেল গতকাল সোমবার দুপুরে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। সে রাতে আর বাড়ি ফেরেনি। সকালে খবর পেলাম তার মরদেহ পাওয়া গেছে মুছারচর উত্তরপাড়া রাস্তার ঢালে। ধারণা করা হচ্ছে, হত্যাকারীরা তাকে হত্যা করে মরদেহ রাস্তার পাশে ফেলে রেখে গেছে।
নিহত সোহেলের স্ত্রী রাজিয়া আক্তার জানায়, আমি আমার স্বামীর নির্মম এ হত্যার ন্যায়বিচার চাই। আমার ২ মেয়ে লামিয়া (১৫) ও সুরাইয়াকে (১০) কে দেখবে?
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহ জানান, অটোচালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করার জন্য মাঠে কাজ করছে পুলিশ।
আরআর