বিপিএলের এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের বিদায় ঘণ্টা বাজাল সিলেট টাইটান্স। শেষ বলে ছক্কা হাঁকিয়ে রংপুরকে হারের স্বাদ দিয়েছেন ক্রিস ওকস।
'হোম অব ক্রিকেট' খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সিলেট অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ক্রিস ওকস ও স্যাম বিলিংসকে নিয়ে মাঠে নামা সিলেট শুরুতেই পায় সাফল্য। ওকস-খালেদরা দাঁড়াতেই দেননি রংপুরের ব্যাটারদের।
নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১১১ রান করতে পারে রংপুর।
জবাব দিতে নেমে দলীয় ২ রানেই তৌফিক খানকে হারিয়ে ফেলে সিলেট। এরপর পারভেজ হোসেন ইমন ১২ বলে ১৮ রান করে দলের হাল ধরে রাখলেও তার বিদায়ে আবারো খেই হারায় সিলেট।
আরিফুল ইসলাম ১৮ বলে ১৭ ও আফিফ হোসেন ধ্রুব ৯ বলে ৩ রান করে সাজঘরে ফিরলে দলের হাল ধরেন অধিনায়ক মিরাজ ও বিদেশি ক্রিকেটার স্যাম বিলিংস। দুজনের ঠাণ্ডা মাথার ব্যাটিংয়ে ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগোয় সিলেট টাইটান্স।
তবে রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে ছোট লক্ষ্য তাড়ায়ও বেগ পেতে হয়েছে মিরাজ-বিলিংসদের। ২৩ বলে ১৮ রান করে মিরাজ বিদায় নিলে আবারো চাপে পড়ে সিলেট। শেষ ২ ওভারে প্রয়োজন ছিল ১৫ রান। ১৯তম ওভারে এসেই ৪০ বলে ২৯ রান করা বিলিংসকে আউট করেন মোস্তাফিজ।
ফাহিম আশরাফের করা শেষ ওভারে প্রয়োজন ছিল ৯ রান। সেই ওভারে মঈন আলীকে ফেরান সাজঘরে। শেষ বলে প্রয়োজন ছিল ৬ রান। ক্রিস ওকস ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতান সিলেটকে।
সময়ের আলো/এআর