সন্ত্রাসীদের অভয়ারণ্য জঙ্গল সলিমপুর
নিহত র্যাব সদস্যের জানাজা সম্পন্ন
চট্টগ্রাম ব্যুরো ও সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১:০৩ এএম (ভিজিট : ২২৫)
পতেঙ্গায় র্যাবের কার্যালয়ে গতকাল নিহত র্যাব কর্মকর্তার মেয়ে ও স্ত্রীর আহাজারি। ছবি : সময়ের আলো দুর্বৃত্তদের হামলায় র্যাব সদস্য হতাহতের ঘটনার পর গতকাল মঙ্গলবার দিনভর থমথমে পরিস্থিতি ছিল সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে। ঘটনাস্থলের আশপাশ জনশূন্য ছিল। সলিমপুরের প্রবেশ পথের সবকটিতে বসানো হয়েছে চেকপোস্ট। সেখানে অবস্থান করছে যৌথবাহিনী। এরই মধ্যে বড় পরিসরের অভিযান চালিয়ে দুর্বৃত্তদের গ্রেফতারের দাবি উঠেছে। তবে পুলিশ এবং র্যাব কোনো অভিযান চালায়নি। জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে শিগগিরই অভিযান চালানো হবে। প্রশ্ন উঠেছে ঝুঁকিপূর্ণ একটি জায়গায় ছোট দল নিয়ে র্যাব কেন অভিযানে গেল। দুর্বৃত্তদের আক্রমণের আগেই তাদের কেন নিষ্ক্রিয় করা হয়নি তা নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অনেকের মতে জঙ্গল সলিমপুর পরাধীন। এরপর দুর্বৃত্তদের তাড়িয়ে এখনই নিয়ন্ত্রণে আনা জরুরি। সেই সঙ্গে সলিমপুরের ভূমিদস্যুদের রাজনৈতিক প্রশ্রয় বন্ধ করার দাবি উঠেছে।
চট্টগ্রাম নগরী থেকে দূরে সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত পাহাড়ি অঞ্চল জঙ্গল সলিমপুর। চাঁদাবাজি ও মাদকের হাট বসে নিয়মিত। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এটি হয়ে উঠেছে সন্ত্রাসীদের অভয়ারণ্য। খাসজমি হওয়ায় এলাকাটিতে কারাগার, আইটি পার্ক নির্মাণসহ ১১টি প্রকল্পের উদ্যোগ নিয়েছিল সরকার। তবে বেহাত হওয়া সরকারি জায়গাগুলো পুনরুদ্ধার করা যায়নি। এরপর পরিকল্পিত এসব প্রকল্প বাস্তবায়ন করা যাচ্ছে না।
হত্যায় জড়িতদের আইনের আওতায় আনা হবে : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান বলেছেন, জঙ্গল সলিমপুর এলাকাকে সন্ত্রাসীদের অভয়ারণ্য থেকে মুক্ত করা হবে। আইনের আওতায় আনা হবে হত্যায় জড়িতদের। মঙ্গলবার বিকালে নগরের পতেঙ্গায় র্যাব-৭-এর কার্যালয়ে নায়েব সুবেদার মোতালেবের জানাজা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিজি বলেন, অভিযানের সময় মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করে বাহিনীর ওপর হামলা চালানো হয়।
র্যাব-৭ কার্যালয় মাঠে জানাজা : জঙ্গল-সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার অভিযানে গিয়ে দুষ্কৃতকারীদের হামলায় নিহত র্যাব-৭-এর সদস্য নায়েব সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে নগরের পতেঙ্গায় অবস্থিত র্যাব-৭ কার্যালয় প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় র্যাব পুলিশ বিজিবি ছাড়াও বিভিন্ন বাহিনীর বিপুল সদস্য অংশ নেন। উপস্থিত ছিলেন র্যাবের মহাপরিচালকও। এ সময় পরিবারের সদস্যরা ছাড়াও গণমাধ্যম কর্মীরাও জানাজায় শরিক হন। এটি ছিল মোতালেব হোসেনের প্রথম জানাজা। জানাজার পর কুমিল্লায় তার বাড়ির উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে মরদেহ।
সময়ের আলো/এনএ