বাংলাদেশের নারী ক্রিকেটে চার-ছক্কার ইনিংস আগে ছিল অকল্পনীয়। সেই অসাধ্যকেই সাধন করে দেখালেন তরুণ অলরাউন্ডার স্বর্ণা আক্তার। তার বিধ্বংসী ক্যামিও এবং সোবহানা মোস্তারির কার্যকর ব্যাটিংয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে পাপুয়া নিউগিনিকে ৩০ রানে হারিয়েছে বাংলাদেশ। স্বর্ণার রেকর্ডগড়া ব্যাটিংয়ের পর বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় দাপুটে এক জয় তুলে নেয় টাইগ্রেসরা।
নেপালের কীর্তিপুরে গতকাল মঙ্গলবার টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৬৮ রানের বিশাল পুঁজি গড়ে বাংলাদেশ। জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১৩৮ রানেই থেমে যায় পাপুয়া নিউগিনির ইনিংস। বাংলাদেশের এই ১৬৮ রান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাদের তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত। দিলারা আক্তার ও জুয়ায়রিয়া ফেরদৌসের উদ্বোধনী জুটি ৫ ওভারেই স্কোরবোর্ডে ৪৯ রান যোগ করে। জুয়ায়রিয়া ১১ বলে ১৭ রানে বিদায় নেওয়ার পর রানের গতি কিছুটা মন্থর হয়ে পড়ে। থিতু হয়েও দিলারা ফেরেন ২৯ বলে ৩৫ রান করে। আগের ম্যাচের হাফসেঞ্চুরিয়ান শারমিন আক্তার ২৮ এবং অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি মাত্র ৬ রান করে আউট হলে দেড়শ রান ছোঁয়া নিয়েই শঙ্কা জাগে।
তবে সেই শঙ্কা উড়িয়ে দৃশ্যপট বদলে দেন স্বর্ণা আক্তার ও সোবহানা মোস্তারি। মাত্র ২৬ বলে ৬২ রানের এক জুটি গড়েন তারা। বিশেষ করে স্বর্ণা ছিলেন বেশি আক্রমণাত্মক; ১৪ বলে ৩৭ রানের এক টর্নেডো ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৪টি বিশাল ছক্কা ও ১টি চারের মার। বাংলাদেশের নারী ক্রিকেটের ইতিহাসে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে চারটি ছক্কা মারার নজির এই প্রথম। এর আগে তিনটি করে ছক্কা মারার রেকর্ড ছিল নিগার সুলতানা ও সানজিদাদের। স্বর্ণার ২৬৪.২৮ স্ট্রাইক রেটের এই ইনিংসটি ২০ ঊর্ধ্ব রানের ইনিংসগুলোর মধ্যে বাংলাদেশের সেরা। অন্যপ্রান্তে সোবহানা মোস্তারিও ছিলেন অনবদ্য, ২ চার ও ২ ছক্কায় তিনি ২৪ বলে ৩৪ রানে অপরাজিত ছিলেন। শেষ ৬ ওভারে ৮০ রান তুলে বড় সংগ্রহ নিশ্চিত করে বাংলাদেশ।
১৬৯ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে পাপুয়া নিউগিনি শুরুটা মারকুটে করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে পথ হারায়। যদিও প্রথম ৩ ওভারে তারা ৩২ রান তুলে চমকে দিয়েছিল কিন্তু বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে তারা আর ম্যাচে ফিরতে পারেনি। ব্রিন্দা টাউ ৩৫ ও সিবোনা জিমি ২৮ রান করেন। টাইগ্রেস বোলার মেঘলা, রাবেয়া, রিতু মনি, ফাহিমা, স্বর্ণা ও সোবহানা সবাই ১টি করে উইকেট নেন। স্বর্ণা ম্যাচসেরা হন। আগামীকাল গ্রুপপর্বে নিজেদের পরের ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
সময়ের আলো/এনএ