অভিযুক্ত আবদুল মন্নান চাতরী ইউনিয়নের এক নং মহতর পাড়া ওয়ার্ডের ইউপি সদস্য।
জানা গেছে, চাতরী ইউনিয়ন পরিষদের প্রকল্প বরাদ্দ নিয়ে বুধবার ইউপি সদস্যদের উপস্থিতিতে একটি আলোচনা সভা চলছিল। সভায় প্রকল্পের বরাদ্দ সংক্রান্ত বিষয়ে সংরক্ষিত নারী ইউপি সদস্য মিনু আক্তারের সঙ্গে আবদুল মন্নানের তর্ক শুরু হয়। একপর্যায়ে ইউপি সদস্য আবদুল মান্নান ওই নারী ইউপি সদস্যকে মারধর করেন। এতে গুরুতর আহত হন মিনু আক্তার।
এ ঘটনায় ভুক্তভোগী নারী ইউপি সদস্য আনোয়ারা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী আবদুল মান্নান আজাদ ২০২৪ সালের জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে ভোট কেন্দ্র দখল করেন এবং ফলাফলের পর বিজয় উল্লাস করেন। তবে গত ৫ আগস্টের পর খোলস পাল্টে রাতারাতি বিএনপি নেতা বনে গেছেন আবদুল মান্নান। বর্তমানে নিজেকে বিএনপির মনোনীত ধানের শীর্ষের প্রার্থী নিজামের অনুসারী দাবি করেন। তার দাপটে বিগত দিনে আন্দোলন–সংগ্রামের রাজপথে থাকা বিএনপির ত্যাগী নেতা-কর্মীরা ক্রমেই কোণঠাসা হয়ে পড়েছেন বলেও জানা গেছে।
স্থানীয়রা আরও জানান, ইউপি সদস্য আবদুল মান্নান দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে সরকারি বরাদ্দের কাজগুলোতে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। তিনি একজন দুর্নীতিগ্রস্ত ইউপি সদস্য।
সম্প্রতি মহতর ওয়ার্ডের একটি সরকারি রাস্তার নির্মাণ সামগ্রী কংক্রিট, সিমেন্ট, বালু আত্মসাৎ করে নিজের ঘরে ঢালাইয়ের কাজে ব্যবহার করেন। এ ঘটনায় স্থানীয়রা গত ১৩ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
আনোয়ারা উপজেলা ছাত্রদল নেতা রিয়াজ উদ্দিন জিকু বলেন, আবদুল মান্নান ফ্যাসিস্টের দোসর। ৫ আগস্টের পর থেকে তিনি আওয়ামী লীগের খোলস পাল্টে বিএনপি সেজে বিভিন্ন অপকর্ম করছেন। তিনি বিএনপির কেউ না।
ভুক্তভোগী ইউপি সদস্য মিনু আক্তার জানান, আজকে পরিষদে বরাদ্দের বিষয়ে একটি মিটিং ছিল। ইউএনও ম্যাডাম চারটি বরাদ্দ কনফার্ম করে দিয়েছে। এর বাইরে প্রয়োজনীয় যেগুলো আছে ওইগুলো দিতে বলেছে। আমি পরিষদের সচিবের কাছে আমার এলাকার একটি প্রয়োজনীয় সড়কের জন্য বরাদ্দ চাই। সচিব ও অন্যান্য সদস্যরা এতে সম্মত হন। তখন মান্নান মেম্বার উঠে বলছে, উনাকে দিতে পারবে না। এটা কীভাবে করে আমি দেখে নেবো। তখন আমি এটা করব বললে, আমাকে ইউনিয়ন পরিষদের ভিতরে মারধর করে আহত করে। আমি বিচার চায়।
অভিযোগের বিষয়টি স্বীকার করে অভিযুক্ত ইউপি সদস্য আবদুল মান্নান বলেন, সামান্য একটা বিষয় নিয়ে তিনি আমার দিকে তেড়ে এসেছেন। এ কারণে আমি তার নাকে একটা চড় মেরেছি। এতে নাক ফেটে গেছে।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) তাহমিনা আক্তার বলেন, বিষয়টি আমি খবর পেয়েছি। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ জুনায়েদ চৌধুরী বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এফআর