ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই সিদ্ধান্ত নেয়। এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন বোর্ডের সাবেক পরিচালক এবং অভিজ্ঞ ক্রিকেট সংগঠক আহমেদ সাজ্জাদুল আলম ববি।
সময়ের আলোকে তিনি জানান, ‘ক্রিকেট বোর্ড ইন্ডিপেন্ডেন্ট বডি। কিন্তু বিশ্বকাপে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ক্রিকেট বোর্ডের কাছে থাকলে এই পর্যায়ে আসত না। সরকার এখানে ডিসিশন মেকিংটাকে প্রভাবিত করেছে। এখানে তো আর কিছু করার নেই। বোর্ড কী করবে এখন? বোর্ডের কাছে এই ক্ষমতাটা থাকলে বোর্ডের ঘটনা এতদূর আসত না। আমার বিশ্বাস যেহেতু ডিসিশন মেকিংয়ে সরকার হস্তক্ষেপ করেছে তাই এই অবস্থা এবং আমাদের সামনে কী আছে না আছে কী ক্ষতি লাভ- সেগুলো পরে সময় বলে দেবে। সময় দেখিয়ে দেবে সব।’
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। এর পরপরই সরকার জানায় বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না দল। এ নিয়ে আইসিসির সঙ্গে একাধিকবার চিঠি চালাচালি, আইসিসি প্রতিনিধিদের সঙ্গে ঢাকায় বৈঠক, সবশেষ ভার্চুয়াল সভায় মিটিং এবং সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত জানায় আইসিসি।
বিশ্বকাপ খেলতে হলে ভারতেরই খেলতে হবে, তা না হলে বাংলাদেশের পরিবর্তে অন্য দলকে নেওয়া হবে। এমন প্রশ্নে সাজ্জাদুল আলম জানান, এসবই নাটক। খেলোয়াড়দের ডেকে এনে শুধু আইওয়াশ করেছে। সিদ্ধান্ত তো দুই-তিন সপ্তাহ আগেই নিয়ে রেখেছে সরকার। ববি যোগ করেন, ‘সব ধাপ পার করে সিদ্ধান্ত নেওয়া তো হয়েছে আরও দুই-তিন সপ্তাহ আগে। সব ধাপ পার করে সে লাস্টে এখন প্লেয়ারদের সঙ্গে বসছে। এটি তো একটি জাস্ট আইওয়াশ।’
সময়ের আলো/এসকে/