রড লেভার
অ্যারেনায় ইতিহাস গড়ার অভিযানে আরও এক ধাপ এগিয়ে গেলেন নোভাক জোকোভিচ।
গতকাল অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে ইতালিয়ান কোয়ালিফায়ার
ফ্রান্সেস্কো মায়েস্ত্রেল্লির বিপক্ষে দাপুটে জয় পেয়েছেন এই সার্বিয়ান
কিংবদন্তি। সরাসরি সেটে পাওয়া জয়ে টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড নিশ্চিত
করেছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই তারকা।
ম্যাচের শুরু থেকেই
কোর্টে নিজের আধিপত্য বিস্তার করে ৬-৩, ৬-২, ৬-২ গেমের জয় পান
টুর্নামেন্টের চতুর্থ বাছাই জোকোভিচ। মার্গারেট কোর্টকে ছাড়িয়ে ক্যারিয়ারের
২৫তম গ্র্যান্ড সøাম জয়ের লক্ষ্যে থাকা জোকোভিচকে এদিন জয়ের জন্য খুব বেশি
ঘাম ঝরাতে হয়নি। অনেকটা অনায়াসেই তিনি মায়েস্ত্রেল্লির প্রতিরোধ ভেঙে দেন।
৩৮
বছর বয়সি এই তারকা প্রথম সেটের দ্বিতীয় গেমেই ব্রেক পয়েন্ট আদায় করে এগিয়ে
যান। দ্বিতীয় সেটের শুরুতেও একই আধিপত্য বজায় রেখে বিশ্ব র্যাঙ্কিংয়ের
১৪১ নাম্বার তারকা মায়েস্ত্রেল্লিকে ম্যাচ থেকে ছিটকে দেন। অ্যারোবেটিক
ব্যাকহ্যান্ড শটে সেট পয়েন্ট জয় করার মাধ্যমে জোকোভিচ গ্র্যান্ড স্লামে তার
৩৯৯তম জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন। মেলবোর্নের আঙিনায় এটি ছিল তার
১০১তম জয়, যা তাকে কিংবদন্তি রজার ফেদেরারের গড়া রেকর্ডের আরও কাছে নিয়ে
গেল।
তৃতীয় সেটে মায়েস্ত্রেল্লি কিছুটা প্রতিরোধের চেষ্টা করেছিলেন।
টানা দুইবার ব্রেক হওয়ার পর একবার তা পুনরুদ্ধার করে গ্যালারিতে সামান্য
রোমাঞ্চ ছড়ান এই ইতালিয়ান। তবে অভিজ্ঞ জোকোভিচ নিজের খেলার ধার বাড়িয়ে
দ্রুতই সব অনিশ্চয়তা মুছে দেন। নিখুঁত সব শটে ম্যাচ পকেটে পুরে মাঠ ছাড়েন
তিনি। পুরুষ এককের আরেক ম্যাচে ওয়ার্ল্ড নাম্বার টু ইয়ানিক সিনার
অস্ট্রেলিয়ান ওপেনে নিজের টানা ১৬তম জয় তুলে নিয়েছেন। টুর্নামেন্টের
বর্তমান চ্যাম্পিয়ন সিনার দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার জেমস ডাকওয়ার্থকে
৬-১, ৬-৪, ৬-২ গেমে পরাজিত করেন। মাত্র ১ ঘণ্টা ৪৯ মিনিটের এই জয়ের মাধ্যমে
তিনি তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন।
এদিকে অস্ট্রেলিয়ার ওপেনে নারী
এককে জয় পেয়েছেন ওয়ার্ল্ড নাম্বার ফাইভ কাজাখস্তানের এলেনা রিবাকিনা। গতকাল
রড লেভার অ্যারেনায় শুরুর জড়তা কাটিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে
উঠেছেন তিনি। ফরাসি প্রতিপক্ষ ভারভারা গ্রাচেভাকে তিনি হারিয়েছেন ৭-৫, ৬-২
গেমে। র্যাঙ্কিংয়ের ৭৭ নাম্বার খেলোয়াড় গ্রাচেভার বিরুদ্ধে পঞ্চম বাছাই
রিবাকিনা ফেবারিট হিসেবে নামলেও প্রথম সেটে ফোরহ্যান্ডের সমস্যায় পড়ে ২-১
ব্যবধানে পিছিয়ে যান। এক পর্যায়ে স্কোর ৫-৫-এ সমতায় ফিরলেও শেষ পর্যন্ত ৫০
মিনিটের লড়াকু সেটটি ৭-৫ ব্যবধানে জিতে নেন রিবাকিনা।
দ্বিতীয় সেটে
অবশ্য ভিন্ন রূপে দেখা যায় রিবাকিনাকে। প্রথম সেটে একাধিক ব্রেক পয়েন্টের
মুখে পড়লেও দ্বিতীয় সেটে আগ্রাসী ব্যাটিংয়ে গ্রাচেভাকে আর কোনো সুযোগই
দেননি ২০২২ সালের উইম্বলডনজয়ী এই তারকা। সরাসরি সেটের সহজ জয়ে ২০২৩ সালের
এই ফাইনালিস্ট নিশ্চিত করেন পরবর্তী রাউন্ড।
সময়ের আলো/এসকে/