ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার এক মুসলিম শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। বুধবার রাতে তার বিরুদ্ধে চুরির অভিযোগ এনে তাকে নির্যাতন করা হয়। ওই ব্যক্তির নাম মঞ্জুর আলম লস্কর।
শুক্রবার (২৩ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ৩২ বছর বয়সী মঞ্জুর আলম লস্কর নামের এক বাংলাভাষী মুসলিম ব্যক্তির উপর চুরির অভিযোগ এনে হিন্দুত্ববাদীরা তাকে পিটিয়ে হত্যা করেছে।
নিহত মঞ্জুরের বাড়ি রঙ্গিলাবাদ গ্রাম পঞ্চায়েতের বিষ্ণপুর গ্রামে অবস্থিত। তিনি অন্ধ্রপ্রদেশে এক যুগের বেশি সময় ধরে জরির কাজ করতেন।
দীর্ঘসময় ধরে সেখানে থাকায় স্থানীয় মানুষজন তাকে চিনতেন। কিন্তু তা সত্ত্বেও তাকে বাংলাদেশি হিসেবে অভিহিত করে সেখান থেকে চলে যেতে হুমকি দিয়েছিল হিন্দুত্ববাদীরা।
মঞ্জুরের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাকে প্রথমে অপহরণ করা হয়। এরপর মুক্তিপণ হিসেবে ২৫ হাজার রুপি দাবি করে।
তার স্ত্রী জানিয়েছেন, তাকে গত মঙ্গলবার একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে মুক্তিপণ চাওয়া হয়। তারা ৬ হাজার রুপি যোগাড়ও করেন। কিন্তু বুধবার জানতে পারেন তাকে হত্যা করা হয়েছে।
যেসব উগ্রবাদী এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে মঞ্জুরের পরিবার। এক্ষেত্রে তারা পশ্চিমবঙ্গ সরকারের সহায়তা চেয়েছে।
সময়ের আলো/কেএইচও