যান্ত্রিক দূরত্ব ঘুচিয়ে গাঢ় হয়েছে সামাজিক বন্ধন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

প্রতিবেশীদের মধ্যে সম্পর্ক জোরদারে রাজধানীর গুলশানে শুরু হয়েছে দুই দিনব্যাপী আনন্দ মেলা। গুলশান সোসাইটির উদ্যোগে টানা দশমবারের মতো এ আয়োজন

2026-01-24T23:03:38+00:00
2026-01-24T23:03:38+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
রাজধানী
যান্ত্রিক দূরত্ব ঘুচিয়ে গাঢ় হয়েছে সামাজিক বন্ধন
গুলশানে আনন্দমেলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:০৩ পিএম   (ভিজিট : ১৫২)
শুক্রবার সকালে শুরু হয়ে এ মেলা শেষ হয় শনিবার সন্ধ্যায়। সংগৃহীত ছবি
প্রতিবেশীদের মধ্যে সম্পর্ক জোরদারে রাজধানীর গুলশানে শুরু হয়েছে দুই দিনব্যাপী আনন্দ মেলা। গুলশান সোসাইটির উদ্যোগে টানা দশমবারের মতো এ আয়োজন করা হয়েছে। শুক্রবার সকালে শুরু হয়ে এ মেলা শেষ হয় শনিবার সন্ধ্যায়। গুলশান সোসাইটি পার্ক-সংলগ্ন ৬২ ও ৫৬ নম্বর সড়কে এ মেলা সবার জন্য উন্মুক্ত ছিল।

মেলায় দেশীয় ঐতিহ্যবাহী খাবারের পসরা সাজিয়ে বসেন উদ্যোক্তারা। বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের পাশাপাশি অংশ নেন স্থানীয় অনেক উদ্যোক্তাও। বাড়তি আকর্ষণ হিসেবে ছিল ‘ওপেন মাইক’ পরিবেশনা। যেখানে অনেকে নিবন্ধন করে মঞ্চে গান, আবৃত্তি, নাচ, বাদ্য কিংবা কমেডি পরিবেশনের সুযোগ পান।

আয়োজকরদের ভাষ্য, শহুরে যান্ত্রিক জীবনে একই পাড়ায় থেকেও প্রতিবেশীদের মধ্যে যোগাযোগ কম। সেই দূরত্ব ঘুচিয়ে সবাইকে একটি আনন্দ আয়োজনে যুক্ত করতেই এ উদ্যোগ। তাদের মূল লক্ষ্য হলো, পরিবার-বন্ধু নিয়ে কেনাকাটা, খাওয়া-দাওয়া আর সুরে-ছন্দের সম্মিলনে ‘এই মহল্লা আমাদের’—এমন একটি ধারণা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া।

শনিবার বিকেলে মেলায় ঘুরতে এসেছিলেন বেসরকারি চাকরিজীবী ইরফান উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘অসাধারণ আয়োজন ছিল। আয়োজনে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খাবার ও পণ্য তুলে ধরা হয়েছে। এমন আয়োজন প্রতি মাসেই হওয়া দরকার।’

নিত্যব্যবহার্য টেবিলওয়্যার নিয়ে মেলায় আসেন ‘লীলাবালি ক্রাফট’। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা সেলিনা মোমেন বলেন, দুই দিনে সাড়ায় সন্তোষ প্রকাশ করছি। স্ত্রী ও সদ্য হাঁটতে শেখা সন্তানকে নিয়ে মেলায় আসেন বেসরকারি চাকরিজীবী সামির মল্লিক। তিনি বলেন, এ ধরনের আয়োজন আমাদের সবার সঙ্গে মেশার সুযোগ করে দেয়। এমন ভিন্নধর্মী আয়োজন বাড়ানো দরকার।


মেলার আয়োজন নিয়ে গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত বলেন, ‘আমরা এখানকার পাড়াভিত্তিক সম্পর্কগুলো জোরদার করতে বছরজুড়েই বিভিন্ন আয়োজন করি। তারই অংশ হিসেবে আমাদের আনন্দ মেলার আয়োজন।’

ওমর সাদাত আরও বলেন, ‘এখানে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে এ এলাকার পরিচিতজনেরা এসেছেন, তাদের পরস্পরের দেখা হয়েছে, যোগাযোগ বন্ধন গাঢ় হয়েছে। আমরা চাই, মানুষের মধ্যে সম্পর্কগুলো আরও জোরদার হোক। পাড়াভিত্তিক সম্পর্কগুলোর মধ্য দিয়ে আমাদের সামাজিক মিথস্ক্রিয়া আরও বাড়ুক।’

আরআর


  বিষয়:   গুলশান  আনন্দমেলা  বন্ধন 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: