হিমালয়কন্যা পঞ্চগড়ে কমতে শুরু করেছে শীতের তীব্রতা। মাঘের মধ্যভাগে এসে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হওয়ায় জেলায় গত কয়েকদিন ধরে চলা হাড়কাঁপানো শৈত্যপ্রবাহের অবসান ঘটেছে। দিনের বেলা কড়া রোদে এখন গরম অনুভূত হচ্ছে। এতে জনজীবনে দেখা দিয়েছে স্বস্তি।
রোববার (২৫ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শনিবার একই সময়ে তাপমাত্রা ছিল ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা বেড়েছে প্রায় ১ ডিগ্রি।
সরেজমিনে দেখা গেছে, আজ ভোরে সূর্য ওঠার পর থেকেই ঝলমলে রোদে চারপাশ আলোকিত হয়ে উঠেছে। কুয়াশার দাপট না থাকায় সকাল ১০টার পর থেকেই রোদের তীব্রতা বাড়ছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেকর্ড হওয়ায় দুপুরে রীতিমতো গরম অনুভূত হচ্ছে। তবে দিনের বেলা আবহাওয়া সহনীয় থাকলেও সন্ধ্যা থেকে পর দিন সকাল ৯টা পর্যন্ত এখনো হালকা শীতের আমেজ রয়েছে।
শীতের তীব্রতা কমায় স্বস্তিতে কাজে ফিরেছেন পাথর ও চা শ্রমিকসহ নিম্ন আয়ের পেশাজীবীরা। স্থানীয়রা জানিয়েছেন, গত সপ্তাহের তুলনায় এখন ঠান্ডার কামড় অনেক কম, ফলে দৈনন্দিন কাজে কোনো বাধা সৃষ্টি হচ্ছে না।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, পঞ্চগড়ে এখন শৈত্যপ্রবাহের প্রভাব নেই। রোববার সকালে ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। আকাশ পরিষ্কার থাকায় দিনের বেলা সূর্যের প্রখরতা বাড়ছে এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি পর্যন্ত উঠছে। তবে রাতের বেলা তাপমাত্রা দ্রুত কমে যাওয়ায় ভোরে ও রাতে কিছুটা শীত অনুভূত হচ্ছে।
আরআর