আবারও টেলিফোনে কথা বলেছেন বাংলাদেশ ও পাকিস্তান সরকারের গুরুত্বপূর্ণ দুই ব্যক্তি। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এ টেলিফোন আলাপে তারা দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। রোববার (২৫ জানুয়ারি) দুইজনের টেলিফোন আলাপের তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, টেলিফোনে তারা বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতাসহ পাকিস্তান-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
জানা গেছে, উভয় পক্ষ বর্তমান আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়েও মতবিনিময় করেছেন এবং অভিন্ন স্বার্থকে এগিয়ে নিতে আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধিতে টেকসই সম্পৃক্ততার উপর জোর দেন।
চলতি মাসে এ নিয়ে তৃতীয় দফায় টেলিফোনে কথা বলেছেন ইসহাক দার ও তৌহিদ হোসেন। এ ছাড়া, সম্প্রতি বহুপক্ষীয় একটি ফোরামে সাইডলাইনে সৌদি আরবের জেদ্দায় তারা সাক্ষাৎ করেন।
সময়ের আলো/এনএ