ক্রিকেটে অস্থিরতা নারী ফুটবলে স্বস্তির বারতা

মামুন হোসেন

থাইল্যান্ডে অনুষ্ঠিত সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো আয়োজিত এই আসরে দুর্দান্ত পারফরম্যান্সে দেশকে আরও একবার সাফল্যে রাঙালেন

2026-01-26T06:13:47+00:00
2026-01-26T06:13:47+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
ক্রিকেটে অস্থিরতা নারী ফুটবলে স্বস্তির বারতা
মামুন হোসেন
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৬:১৩ এএম 
প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল ট্রফিতে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা। ব্যাংককের মাটিতে সবাইকে পেছনে ফেলে সেরাদের সেরা সাবিনা-কৃষ্ণারা। ছবি : সংগৃহীত
থাইল্যান্ডে অনুষ্ঠিত সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো আয়োজিত এই আসরে দুর্দান্ত পারফরম্যান্সে দেশকে আরও একবার সাফল্যে রাঙালেন সাবিনা খাতুন, কৃষ্ণা রানী, মাসুরা পারভীন, মাতসুশিমা সুমাইয়ারা। গতকাল রোববার নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল মালদ্বীপ। ১৪-২ গোলের বিশাল ব্যবধানে দ্বীপরাষ্ট্রের মেয়েদের উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন সাবিনারা। টানা দুইবার সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের কীর্তি গড়া লাল-সবুজের মেয়েদের হাত ধরে এবার সাফের নতুন ফরম্যাট ফুটসালেও রচিত হলে সাফল্যের কীর্তিগাথা। 

সাত দেশের অংশগ্রহণে ব্যাংককে বসে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের নতুন আসর। সেখানে সবাইকে পেছনে ফেলে সেরাদের সেরা বাংলাদেশের মেয়েরা। রোববার মাঠে বসে চ্যাম্পিয়নদের খেলা উপভোগ করেন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন। পরে প্রধান অতিথি হিসেবে সাবিনাদের হাতে চ্যাম্পিয়ন ট্রফিও তুলে দেন। উপস্থিত ছিলেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান এবং মেয়েদের ফুটবলের অগ্রদূত মাহফুজা আক্তার কিরণসহ অন্য কর্তারাও। 

ব্যাংককের নানথুভুরি থেকে মোবাইল ফোনে মেয়েদের সাফল্যের বিষয়ে সময়ের আলোকে মাহফুজা আক্তার কিরণ জানান, ‘আমাদের মেয়েরা দুবার সাফের শিরোপা (সাফ চ্যাম্পিয়নশিপ) জিতেছে। ওদের কাছে ফুটসালের এই আসর তো তেমন কষ্টের নয়। এটা ছোট ফরম্যাটের টুর্নামেন্ট। আমাদের মেয়েরা সবাই জাতীয় দলে খেলে অভিজ্ঞ। এখানে জয় পাওয়াটা তাদের জন্য কোনো বিষয়ই নয়।’ অনেক দিন ধরে জাতীয় দলের বাইরে আছেন সাবিনা-কৃষ্ণারা। এই সাফল্যে তাদের জন্য জাতীয় দলের দরজা খুলে গেল কি না এমন প্রশ্নে কিরণ বলেন, এ বিষয়ে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি, বাফুফের সভাপতি বলতে পারবেন। ২০২৪ সালের অক্টোবরে দেশের ক্রান্তিকালীন সময়ে নেপাল থেকে সাফ শিরোপা জিতে ঘরে ফেরে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত ওই আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর বাফুফে থেকে দেড় কোটি টাকা অর্থ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছিল। ওই টাকা এখনও সাবিনা, আফঈদাদের হাতে বুঝিয়ে দেওয়া হয়নি। 

এর মধ্যে গতকাল সাফের আরেকটি পদক জিতল নারীরা। এবার কি অর্থ পুরস্কার দেওয়া হবে- এমন প্রশ্নের সরাসরি জবাব মেলেনি নারী উইংয়ের প্রধানের কাছ থেকে। পুরস্কার ঘোষণা কিংবা দেওয়ার বিষয়টি বাফুফের সভাপতিকে জিজ্ঞেস করতে বললেন মাহফুজা আক্তার কিরণ। সাফ ফুটসালজয়ী মেয়েরা অর্থ-বোনাস পুরস্কার পাচ্ছে কি না সময়ের আলোর পক্ষ থেকে বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিমের কাছেও প্রশ্ন রাখা হয়। জবাবে তিনি বলেন, ‘২৭ তারিখ মেয়েরা ব্যাংকক থেকে ফিরবে। আমরা তাদের বিমানবন্দরে সংবর্ধনা দেব। পুরস্কারের বিষয়টি তাদের কমিটির সঙ্গে কথা বলে নিশ্চিত করা হবে। এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।’ তবে পুরস্কারের ঘোষণা না এলেও বাফুফের সভাপতি তাবিথ আউয়ালের পক্ষ থেকে অভিনন্দন বার্তা পেয়েছেন সাবিনারা। 

বাফুফে সভাপতি এক অভিনন্দন বার্তায় বলেন, ‘বাংলাদেশ ইতিবাচকভাবে তাদের ফুটসাল যাত্রা শুরু করেছে। আমাদের পুরুষ ও নারী দল বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে, আমাদের দেশে প্রতিভা এবং জয়ের মানসিকতা রয়েছে। ​সাফ ফুটসালে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবং দক্ষিণ এশিয়ায় নিজেদের আধিপত্য আরও বিস্তার করার জন্য নারী দলকে জানাই বিশেষ অভিনন্দন। বাংলাদেশের একমাত্র ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে খেলার দুটি ভিন্ন ফরম্যাটে (ফুটবল ও ফুটসাল) দলকে চ্যাম্পিয়ন করায় সাবিনাকে নিয়ে আমরা গর্বিত। সব ভক্তকে তাদের সমর্থন এবং অনুপ্রেরণার জন্য অসংখ্য ধন্যবাদ।’ 

সাফের প্রথম এই আসরে রানার্সআপ হয়ে রৌপ্য পদক পেয়েছে ভারত। তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছে নেপাল। ব্যক্তিগত পারফরম্যান্সের কোনো পুরস্কার ছিল না। বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন টুর্নামেন্টে সবচেয়ে বেশি ১৫টি গোল করেন। 

সাফ ফুটসালে এবার শুরু থেকেই দুর্দান্ত ছিল বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচেই ভারতকে হারিয়ে শুরু। এরপর ভুটানের কাছে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করলেও টানা চার ম্যাচ জিতে চ্যাম্পিয়ন ট্রফিতে নিজেদের নাম অঙ্কিত করেন সাবিনা-কৃষ্ণারা। 

সময়ের আলো/এনএ 

  বিষয়:   ক্রিকেটে অস্থিরতা  নারী ফুটবল  স্বস্তির বারতা 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: