লিভারপুলের নাটকীয় হার

ক্রীড়া ডেস্ক

ইউরোপীয় মঞ্চে জয়ের ছন্দ থাকলেও প্রিমিয়ার লিগে যেন নিজেদের ছায়া হয়ে আছে লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগে মার্সেইকে উড়িয়ে দেওয়ার পর ভক্তরা

2026-01-26T06:20:59+00:00
2026-01-26T06:20:59+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
লিভারপুলের নাটকীয় হার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৬:২০ এএম 
সংগৃহীত ছবি
ইউরোপীয় মঞ্চে জয়ের ছন্দ থাকলেও প্রিমিয়ার লিগে যেন নিজেদের ছায়া হয়ে আছে লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগে মার্সেইকে উড়িয়ে দেওয়ার পর ভক্তরা আশা করেছিলেন লিগেও হয়তো ঘুরে দাঁড়াবে আর্নে স্লটের দল। কিন্তু ভাইটালিটি স্টেডিয়ামে শনিবার রাতে বোর্নমাউথের বিপক্ষে ফের হতাশার বৃত্তে বন্দি হলো অলরেডরা। দুই গোলে পিছিয়ে পড়েও সমতায় ফেরার দারুণ গল্প লিখেছিল তারা, কিন্তু ম্যাচের একেবারে শেষ মুহূর্তের গোল সব আনন্দ মাটি করে দিল লিভারপুলের। ৩-২ ব্যবধানের এই পরাজয়ে শিরোপা দৌড় থেকে আরও পিছিয়ে পড়ল মারাসিসাইডের ক্লাবটি। 

ম্যাচের শুরু থেকেই লিভারপুলের রক্ষণভাগে ছিল ছন্নছাড়া ভাব। ২৬ মিনিটে ডি-বক্সের ভেতর বল ক্লিয়ার করতে অধিনায়ক ভার্জিল ফন ডাইকের ব্যর্থতার সুযোগ নেন এভানিলসন। অ্যালেক্স স্কটের কাটব্যাক থেকে জোরালো শটে বোর্নমাউথকে লিড এনে দেন তিনি। এই ধাক্কা সামলে উঠার আগেই ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ২০ বছর বয়সি স্প্যানিশ ডিফেন্ডার আলেক্স হিমেনেস। জেমস হিলের পাস থেকে আলিসনের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠিয়ে পেশাদার ফুটবলে নিজের প্রথম গোলটি করেন এই তরুণ। 

প্রথমার্ধের যোগ করা সময়ে কর্নার থেকে হেডের চেষ্টায় কাঁধে লেগে বল জালে জড়ান ফন ডাইক, ২-১-এ ব্যবধান কমায় অলরেডরা। নিজের ভুলে গোল হজম করার পর এটি তার জন্য ছিল কিছুটা স্বস্তির, যদিও তার চোখেমুখে কোনো উল্লাস দেখা যায়নি। বিরতির পর সমতায় ফিরতে মরিয়া লিভারপুল আক্রমণ বাড়ায়। ৮০ মিনিটে মোহাম্মদ সালাহ ও দমিনিক সোবোসলাইয়ের দারুণ এক বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। সালাহ বল কিছুটা সরিয়ে দিলে বুলেট গতির বাঁকানো শটে বোর্নমাউথের জালে বল পাঠান হাঙ্গেরিয়ান মিডফিল্ডার সোবোসলাই। 

২-২ সমতায় খেলা যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই ভাগ্য সহায় হয় স্বাগতিকদের। যোগ করা সময়ে লিভারপুল রক্ষণের চরম বিশৃঙ্খলার সুযোগ নেন ফরাসি ফরোয়ার্ড এমিন আদলি। জটলার ভেতর থেকে তার নেওয়া শটটি আলিসনকে পরাস্ত করলে উল্লাসে ফেটে পড়ে ভাইটালিটি স্টেডিয়াম। ভিএআর পরীক্ষার পর রেফারি গোলের সংকেত দিলে জয়ের আনন্দ নিশ্চিত হয় বোর্নমাউথের। 

এই হারের ফলে ২৩ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানেই আটকে রইল লিভারপুল। শীর্ষে থাকা আর্সেনালের (৫০ পয়েন্ট) চেয়ে এখন তারা ১৪ পয়েন্টে পিছিয়ে, যা শিরোপার স্বপ্নকে অনেকটাই ফিকে করে দিয়েছে। অন্যদিকে এই জয়ে ৩০ পয়েন্ট নিয়ে তালিকার ১৩ নম্বরে উঠে এসেছে বোর্নমাউথ। লিগে টানা চার ড্রয়ের পর এই পরাজয় লিভারপুলের লিগ শিরোপা জয়ের পথে বড় এক ধাক্কা হয়েই দেখা দিল। 

এদিকে প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে উলভারহ্যাম্পটনকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। আর স্প্যানিশ লা লিগায় একই ব্যবধানে ভিয়ারিয়ালকে হারায় রিয়াল মাদ্রিদ। 

সময়ের আলো/এনএ 

  বিষয়:   লিভারপুল  নাটকীয় হার 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: