মেলবোর্নের প্রচণ্ড তাপপ্রবাহ আর উদীয়মান তরুণদের একের পর এক চ্যালেঞ্জ ছাপিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে নিজেদের আধিপত্য ধরে রেখেছেন বর্তমান তারকারা। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা আবারও প্রমাণ করলেন কেন তাকে এই মুহূর্তে হারানো অসম্ভব। গতকাল এই বিশ্বসেরা তারকা দাপটের সঙ্গে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন। পুরুষদের এককেও জয়ের ধারা বজায় রেখে শেষ আটে জায়গা করে নিয়েছেন স্প্যানিশ সেনসেশন কার্লোস আলকারাজ। সব মিলিয়ে মেলবোর্ন পার্ক এখন অভিজ্ঞদের লড়াই আর নতুনের আগমনে উত্তাল।
রড লেভার অ্যারেনায় চতুর্থ রাউন্ডের লড়াইয়ে বেলারুশিয়ান তারকা আরিনা সাবালেঙ্কা মুখোমুখি হয়েছিলেন ১৯ বছর বয়সি কানাডিয়ান নবাগত ভিক্টোরিয়া এমবোকোর। সরাসরি সেটে ৬-১, ৭-৬ (৭-১) ব্যবধানে জয় পেলেও লড়াইটি ছিল বেশ রোমাঞ্চকর। এই জয়ের মাধ্যমে টানা চার বছর অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠার অনন্য কৃতিত্ব দেখান সাবালেঙ্কা।

ম্যাচের প্রথম সেটটি ছিল পুরোপুরি সাবালেঙ্কার দখলে। মাত্র ৩১ মিনিটেই ৬-১ ব্যবধানে সেট জিতে নেন তিনি। তার শক্তিশালী সার্ভ আর আগ্রাসী বেসলাইন শটের সামনে দাঁড়াতেই পারেননি এমবোকো। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান এই তরুণী। দ্বিতীয় সেটে ১-৪ গেমে পিছিয়ে থেকেও অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ান এমবোকো। সাবালেঙ্কার সার্ভ ব্রেক করার পাশাপাশি তিনটি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে সেটটিকে টাইব্রেকারে নিয়ে যান তিনি। তবে চাপের মুখে অভিজ্ঞ সাবালেঙ্কা ছিলেন অটল। টাইব্রেকারে ৭-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেন তিনি। এটি ডব্লিউটিএ ট্যুরে সাবালেঙ্কার টানা ২২তম টাইব্রেকার জয়, যা তাকে টেনিসবিশ্বে ‘টাইব্রেকার স্পেশালিস্ট’ হিসেবে নতুন পরিচিতি দিয়েছে। ম্যাচ শেষে প্রতিপক্ষ এমবোকোর ভূয়সী প্রশংসা করেন সাবালেঙ্কা। প্রথম গ্র্যান্ড সøাম খেলতে আসা এমবোকোও গ্যালারির দর্শকদের দাঁড়িয়ে দেওয়া করতালিতে সিক্ত হন। কোয়ার্টার ফাইনালে সাবালেঙ্কার পরবর্তী প্রতিপক্ষ ইভা জোভিক।
এদিকে অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষদের এককে টমি পলকে ৭-৬, ৬-৪, ৭-৫ গেমে হারিয়ে টানা তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে পা রেখেছেন কার্লোস আলকারাজ। তীব্র গরমের কারণে ম্যাচ চলাকালে গ্যালারিতে একজন দর্শক অসুস্থ হয়ে পড়লে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। মেলবোর্নের এই প্রচণ্ড তাপমাত্রা এবারের টুর্নামেন্টে আয়োজকদের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
ম্যাচের মাঝে একটি মজার ঘটনাও ঘটে। গ্যালারি থেকে এক ভক্ত আলকারাজকে বিয়ের প্রস্তাব দিলে তিনি বেশ মজা পান। সেই ভিডিওটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। অস্ট্রেলিয়ান ওপেন এখন সবচেয়ে নাটকীয় পর্যায়ে পৌঁছেছে। সাবালেঙ্কার একচ্ছত্র আধিপত্য আর আলকারাজের ধারাবাহিকতা যেমন দর্শকদের মুগ্ধ করছে, তেমনি নতুনদের লড়াকু মানসিকতাও আগামীর টেনিসবিশ্বের নতুন রূপরেখা তৈরি করছে। বছরের প্রথম গ্র্যান্ড স্লামের শিরোপা শেষ পর্যন্ত কার হাতে ওঠে, তা দেখতে এখন অধীর অপেক্ষায় টেনিসবিশ্ব। অন্য ম্যাচে দশবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। গতকাল তার শেষ ষোলোতে জাকুব মেনসিকের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু প্রতিপক্ষ নাম প্রত্যাহার করে নেওয়ায় ম্যাচ না খেলেই জোকোভিচ শেষ আটে জায়গা করে নেন।
সময়ের আলো/এনএ