ভোটের পরিবেশ নিয়ে নানা অসন্তোষ

শাকিল আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নিয়ে দলগুলোর মধ্যে অসন্তোষ রয়েছে। তাদের অভিযোগ প্রচারের মাঠে আচরণবিধি লঙ্ঘন হলেও তারা মাঠ প্রশাসনের

2026-01-27T03:00:47+00:00
2026-01-27T03:00:47+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
ভোটের পরিবেশ নিয়ে নানা অসন্তোষ
শাকিল আহমেদ
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৩:০০ এএম   (ভিজিট : ১৪১)
প্রতীকী ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নিয়ে দলগুলোর মধ্যে অসন্তোষ রয়েছে। তাদের অভিযোগ প্রচারের মাঠে আচরণবিধি লঙ্ঘন হলেও তারা মাঠ প্রশাসনের কাছ থেকে কোনো সহযোগিতা পাচ্ছে না। ভোটের মাঠ এখনও লেভেল প্লেয়িং হয়নি। 

এদিকে দলগুলোর আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে সোমবার নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচনে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড আছে। আছে বলেই তো অভিযোগ করতে পারছেন, যদি না থাকত এটা কি হতো?

ইসির তথ্য অনুযায়ী, রোববার পর্যন্ত দেড় শতাধিক অভিযোগ জমা পড়েছে ইসিতে। এর মধ্য থেকে ৪৮ জনকে শোকজ করেছে ইসি। সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকেও ইসিতে অভিযোগ জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। 

তিনি বলেন, বিভিন্ন জায়গায় নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। বিভিন্ন জায়গায় গায়ে পড়ে হামলা করা হচ্ছে। আমরা মনে করি যে প্রশাসন এবং নির্বাচন কমিশন যদি ভূমিকা পালন করে, তা হলে একটি সুন্দর লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সম্ভব। গত চার দিনে যতটুকু হয়েছে, আমরা উদ্বেগ ও উৎকণ্ঠার সঙ্গে লক্ষ করছি— যদি এটা নিয়ন্ত্রণ করা না হয় তা হলে নির্বাচনের আগপর্যন্ত পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তবে উনারা (কমিশন) আশ্বস্ত করেছেন যে, তারা এখনই এসব বিষয়গুলো যোগাযোগ করবেন, দৃষ্টি আকর্ষণ করবেন। 

তিনি বলেন, আমরা গত কয়েক দিন ধরে দেখতে পাচ্ছি যে আমাদের নির্বাচনি কার্যক্রমে নারী কর্মীরা যখন কাজ করতে বের হচ্ছেন, তখন দেশের বিভিন্ন জায়গায় তাদের ওপর হামলা হচ্ছে। তাদের নাজেহাল করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে। কোনো কোনো জায়গায় খুবই লজ্জাজনকভাবে তাদের নেকাব থাকলে নেকাব খোলার জন্য বলা হচ্ছে।

অনেকের হাত থেকে মোবাইল ছিনিয়ে নেওয়া হচ্ছে। ঢাকা-১৫ আসনসহ বিভিন্ন আসনে এবং দেশের বিভিন্ন এলাকায় এই ঘটনাগুলো পরপর ঘটছে। আমরা উনাদের অনুরোধ করেছি এসব বিষয়ে আমাদের বড় উদ্বেগ কাজ করছে। যেখানে অর্ধেক ভোটার নারী, সেখানে নারীরা স্বাভাবিকভাবে নারীদের পক্ষ থেকে কথা বললে কমফোর্ট ফিল করে। এটা ভালো দিক যে নারীরা রাজনীতিতে সক্রিয় হচ্ছেন এবং ভোটের আয়োজনে ভূমিকা রাখছেন। নির্বাচনে তাদের একটি চমৎকার ভূমিকা সবাই প্রত্যাশা করে। সব দলেরই নারীরা কাজ করছে। আমরা তাদের জন্য একটি সুন্দর, নিরাপদ পরিবেশ দিতে চাই। কিন্তু দুঃখজনক হলো, বিভিন্ন দলের পক্ষ থেকে আমাদের নারী কর্মীদের ওপর মারাত্মক ধরনের আচরণ করা হচ্ছে, যা উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি করেছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর খুব একটা ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। দেশের বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে। একটি বড় দলের পক্ষ থেকে তাদের নেতাকর্মীরা এই কাজগুলো করছে।

এ ছাড়া ঢাকা-১৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার সকালে ঢাকার খিলক্ষেত থানার ডুমনি বাজার এলাকায় গণসংযোগকালে আরিফুল ইসলামের ওপর হামলা করা হয় বলে জানান এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন। 

তিনি বলেন, ডুমনি বাজার এলাকায় ঢাকা-১৮ আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলামের ওপর এক দল সন্ত্রাসী হামলা চালায়। সোমবার সকালে তিনি ওই এলাকায় গণসংযোগে গিয়েছিলেন।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করছি। এখন পর্যন্ত পরিস্থিতি সন্তোষজনক রয়েছে। আমরা খুবই আশাবাদী। 

আবদুর রহমানেল মাছউদ বলেন, আমরা মনে করি রাজনৈতিক দলগুলো সবদিক থেকেই আমাদের পূর্ণ সহযোগিতা করছে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একটি ভালো নির্বাচন আয়োজন করতে পারব। আমরা কোনো চাপ পাইনি। সংবিধান আমাদের যে দায়িত্ব দিয়েছে, তা পালনে আমরা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছি। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ আমরা গ্রহণ করছি। এই নির্বাচন কমিশনার বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি সন্তোষজনক রয়েছে। আমরা খুবই আশাবাদী। এখন পর্যন্ত যে পরিবেশ আমরা দেখেছি, তাতে পরিস্থিতি বেশ ভালো বলে মনে হচ্ছে। আমি ভোটারদের অনুরোধ জানাই, তারা যেন স্বাধীনভাবে ভোটকেন্দ্রে এসে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেন এবং নাগরিক দায়িত্ব পালন করেন।

নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেছেন, ভোটে লেভেল প্লেয়িং ফিল্ড অবশ্যই রয়েছে। সংসদ নির্বাচনে দলগুলোর আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইসি সচিব বলেন, নির্বাচনে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড আছে। আছে বলেই তো অভিযোগ করতে পারছেন, যদি না থাকত এটা কি হতো?

এদিকে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা চূড়ান্ত করতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে সংস্থাটি। সোমবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত চিঠি রিটার্নিং কর্মকর্তাদের পাঠিয়েছেন।

এতে উল্লেখ করা হয়েছে, গত ১০ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তুতকৃত ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল থেকে বেসরকারি ব্যাংকে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের বাদ দিয়ে প্যানেল প্রস্তুতের জন্য সব জেলা নির্বাচন অফিসারদের নির্দেশনা দেওয়া হয়। ওই চিঠিতে আরও উল্লেখ করা হয় যে, তবে ভোটগ্রহণের জন্য পর্যাপ্ত সংখ্যক ভোটগ্রহণ কর্মকর্তা পাওয়া না গেলে বেসরকারি ব্যাংকের কর্মকর্তা/কর্মচারীদের প্রয়োজনীয় যাচাই-বাছাই করে নিয়োগ করা যাবে।

নির্বাচন কমিশন ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়োগ চূড়ান্তকরণের জন্য সিদ্ধান্ত দিয়েছে। এই সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

দেশের ভেতরে পোস্টাল ব্যালট পাঠানো শুরু : দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন তাদের ব্যালট সোমবার থেকে পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। 

তিনি বলেন, দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন, তাদের ব্যালট আজ (সোমবার) থেকে পাঠানো হচ্ছে। এ ক্ষেত্রে ভোটের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও কয়েদিরা এবার ভোট দিতে পারবেন। ব্যালট পেপার পাওয়ার পর দ্রুত ভোট দিয়ে ফেরত পাঠাতে হবে। ইসি সচিব বলেন, দেশের ভেতরের পোস্টাল ব্যালটে প্রতীকের পাশে প্রার্থীর নাম থাকবে। ইতিমধ্যে ইসি থেকে বলা হয়েছে, ভোটের দিন বিকাল সাড়ে ৪টার মধ্যে ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছতে হবে।

এফআর


  বিষয়:   ভোটের পরিবেশ  নানা অসন্তোষ  নির্বাচন 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: