আচরণবিধি নিয়ে সন্তুষ্ট ইসি

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার শুরু হয়েছে। বুধবার (২৮

2026-01-28T01:22:31+00:00
2026-01-28T01:22:31+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
আচরণবিধি নিয়ে সন্তুষ্ট ইসি
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১:২২ এএম   (ভিজিট : ১৮৪)
রাজধানীর শান্তিনগর হাবিবুল্লাহ বাহার কলেজে নাসীরুদ্দীন পাটোয়ারিকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। ছবি : সময়ের আলো
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার শুরু হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) চলবে সপ্তম দিনের প্রচার। ইতিমধ্যে প্রার্থীদের অভিযোগ ও পাল্টা অভিযোগ ছাড়া মাঠপর্যায়ে বড় কোনো আচরণবিধি লঙ্ঘন বা সহিংসতার খবর নেই, যা নির্বাচন কমিশনকে উদ্বিগ্ন হওয়ার চেয়ে সন্তুষ্ট করেছে। একই সঙ্গে আচরণবিধি মেনে চলতে কঠোরভাবে নজর রাখছে কমিশন এবং মাঠপর্যায়ে দিচ্ছে নিয়মিত নির্দেশনা। 

তবে কিছু এলাকায় প্রচারে বাধা, হামলা, আচরণবিধি লঙ্ঘন ও মাঠ প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ এসেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৮ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত দেশের ১২৮টি নির্বাচনি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এর মধ্যে ১৪৪টি আচরণবিধি ভঙ্গের ঘটনায় ৯৪টি মামলা হয়েছে এবং প্রায় ৯ লাখ ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। কমিশন এ সংখ্যাকে নগন্য হিসেবে দেখছে এবং অতীতের নির্বাচনের তুলনায় এবারের পরিবেশকে অনেক ভালো বলেছে। 

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আমরা মাঠে যা দেখছি এবং মিডিয়ার মাধ্যমে যা খবর পাচ্ছি, তা দেখে মনে হচ্ছে অতীতের অনেক নির্বাচনের তুলনায় এবারের পরিবেশ অত্যন্ত ভালো। মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থী ও দলের অঙ্গীকারনামা এবং মাঠপর্যায়ে উদ্বুদ্ধকরণ কার্যক্রমের ফলে আচরণবিধি প্রায় শতভাগ নিশ্চিত হয়েছে। 

তিনি জানান, মাঠপর্যায়ের প্রত্যেক আসনে ভ্রাম্যমাণ আদালত ও ইলেক্টোরাল ইনকোয়ারি ও বিচারক কমিটি রয়েছে। জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ পর্যায়ের বিচারকরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন। মোবাইল কোর্ট প্রতিদিন পরিচালনা করা হচ্ছে এবং রিপোর্ট আসছে, যেখানে ৫০-৬০টি কেস রুজু হচ্ছে। কোথাও জরিমানা, কোথাও সাজা হচ্ছে। 

এ ছাড়া কমিশনের কাছে বাইরেও প্রায় দেড় শতাধিক অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৪৮ জনকে শোকজ করা হয়েছে। ঢাকা-৮ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারির ওপর হামলার অভিযোগ উঠেছে। রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে এ ঘটনা ঘটে। 

এ ছাড়া, বরিশাল-৩ আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) অভিযোগ করেছে, প্রচার কার্যক্রমে ধারাবাহিকভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে এবং আমাদের কর্মীদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে। এবি পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা স্বাক্ষরিত অভিযোগপত্রে বলা হয়, গত শুক্রবার বরিশাল-৩ আসনের ‘ঈগল’ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়ার (ব্যারিস্টার ফুয়াদ) নির্বাচনি কার্যক্রমে ধারাবাহিকভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। ওই আসনে তাদের প্রার্থী চরম বৈরী পরিস্থিতির শিকার হচ্ছেন। 

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাও প্রশাসন ও পুলিশের নিরপেক্ষতার অভাবের অভিযোগ করেছেন। তিনি দাবি করেছেন, প্রশাসন এবং পুলিশ যতটা নিরপেক্ষ থাকার কথা, ততটা নিরপেক্ষ নয়। তার কর্মীদের বাড়িঘরে হামলা, মারধর, বাড়িতে আগুন দেওয়ার মতো একাধিক ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। 

নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেন, আচরণবিধি ভঙ্গের বিষয়গুলো ৩০০ আসনে ৩০০ ইলেক্টোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি দ্বারা তৎপরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। রিটার্নিং অফিসারদের মাধ্যমে আমরা নিয়মিত ফলোআপ করছি। 

উল্লেখ্য, প্রতীক বরাদ্দের পর থেকে ২২ জানুয়ারি থেকে প্রচার চলছে, যা ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত চলবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এবার ৫১টি রাজনৈতিক দলের ১ হাজার ৯৮১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

সময়ের আলো/এনএ 

  বিষয়:   আচরণবিধি  সন্তুষ্ট ইসি  জাতীয় সংসদ নির্বাচন  গণভোট 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: