প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৫:১৮ এএম
সংগৃহীত ছবিঅস্ট্রেলিয়ান ওপেনের কোর্টে নিজের আধিপত্য ধরে রেখে চার বছরে তৃতীয় শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন আরিনা সাবালেঙ্কা। কোয়ার্টার ফাইনালে উদীয়মান আমেরিকান তারকা ইভা জোভিককে পাত্তাই দেননি এই বেলারুশীয় তারকা। তবে দিনের সবচেয়ে বড় চমক ছিল তৃতীয় বাছাই ককো গফের বিদায়। ইউক্রেনীয় তারকা এলিনা সভিতোলিনার কাছে মাত্র ৫৯ মিনিটের লড়াইয়ে কার্যত বিধ্বস্ত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন গফ।
বিশ্বের এক নম্বর তারকা সাবালেঙ্কা জোভিককে ৬-৩, ৬-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন। ম্যাচ শেষে নিজের আগ্রাসী মানসিকতার কথা জানিয়ে তিনি বলেন, এই মুহূর্তে তার লক্ষ্য কেবল ‘ট্রফি অথবা কিছুই না’। ২৭ বছর বয়সি এই তারকা এখন পর্যন্ত খেলা গত ১৭টি গ্র্যান্ড সøামের ১৪টিতেই সেমিফাইনালে ওঠার অনন্য কৃতিত্ব দেখালেন। গত ৩৮ বছরে লিন্ডসে ড্যাভেনপোর্ট এবং মার্টিনা হিঙ্গিসের পর মাত্র তৃতীয় নারী খেলোয়াড় হিসেবে টানা আটটি গ্র্যান্ড সøাম সেমিফাইনালে ওঠার রেকর্ড গড়লেন তিনি।
অন্যদিকে, আরেক কোয়ার্টার ফাইনালে এলিনা সভিতোলিনার কাছে ১-৬, ২-৬ ব্যবধানে বিধ্বস্ত হয়েছেন ককো গফ। ম্যাচে পুরোপুরি খেই হারিয়ে ফেলা গফ পাঁচটি ডাবল ফল্ট এবং ২৬টি আনফোর্সড ভুল করেন। পুরো ম্যাচে মাত্র তিনটি উইনার শট মারতে পারা এই আমেরিকান তারকা হারের হতাশায় ড্রেসিংরুমে নিজের র্যাকেট পর্যন্ত ভেঙে ফেলেন।
নারী এককের পাশাপাশি পুরুষ এককের কোয়ার্টার ফাইনালেও দাপট দেখিয়েছেন ফেভারিটরা। রড লেভার অ্যারেনায় এক সার্ভিং মাস্টারক্লাস উপহার দিয়ে ক্যারিয়ারের দশম গ্র্যান্ড স্লাম সেমিফাইনাল নিশ্চিত করেছেন আলেকজান্ডার জভেরেভ। গতবারের রানার-আপ এই জার্মান তারকা ৬-৩, ৬-৭ (৫-৭), ৬-১, ৭-৬ (৭-৩) গেমে হারিয়েছেন ২০ বছর বয়সি আমেরিকান তরুণ লার্নার তিয়েনকে। ২০ বছর বয়সি তিয়েন গত ৩৪ বছরের মধ্যে মেলবোর্নের সর্বকনিষ্ঠ সেমিফাইনালিস্ট হওয়ার লক্ষ্য নিয়ে কোর্টে নামলেও জভেরেভের অভিজ্ঞতার কাছে শেষ পর্যন্ত হার মানতে হয় তাকে।
পুরো ম্যাচজুড়ে জভেরেভ ছিলেন অপ্রতিরোধ্য। মোট ২৪টি চোখ ধাঁধানো ‘এস’ সার্ভিস করার পাশাপাশি পুরো ম্যাচে মাত্র একটি ডাবল ফল্ট করেন তিনি। প্রথম সার্ভিসে তার পয়েন্ট জয়ের হার ছিল ৭৬ শতাংশ। এমনকি ম্যাচে যে তিনটি ব্রেক পয়েন্টের মুখে পড়েছিলেন, তার প্রতিটিরই জবাব দিয়েছেন দুর্দান্ত আনরিটার্নড সার্ভিসের মাধ্যমে।
সেমিফাইনালে উঠেছেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান কার্লোস আলকারাজও। মেলবোর্ন পার্কে টানা তৃতীয়বারের মতো কোয়ার্টার ফাইনালে খেলতে নেমে গতকাল কাক্সিক্ষত সেই জয় ছিনিয়ে নিয়েছেন বর্তমান বিশ্বসেরা এই তারকা। ষষ্ঠ বাছাই অ্যালেক্স ডি মিনরকে ৭-৫, ৬-২, ৬-১ গেমে হারিয়ে তৃতীয়বারের চেষ্টায় অস্ট্রেলিয়ান ওপেনে শেষ চারের টিকেট নিশ্চিত করেন তিনি।
ম্যাচের শুরুতে অস্ট্রেলিয়ার শীর্ষ টেনিস তারকা ডি মিনর বেশ প্রতিরোধ গড়ার আভাস দিয়েছিলেন। লড়াইয়ের প্রথম সেটটি জিততে আলকারাজকে ৫৮ মিনিট ঘাম ঝরাতে হয়। তবে ৫-৭ ব্যবধানে প্রথম সেটটি বগলদাবা করার পর আলকারাজকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পুরো ম্যাচে এরপর আর একবারের জন্যও নিজের সার্ভিস ব্রেক হতে দেননি এই স্প্যানিশ তারকা। ৬-২, ৬-১ গেমের দাপুটে জয়ে দ্বিতীয় ও তৃতীয় সেট জিতে সেমিফাইনালে ওঠেন আলকারাজ।
সময়ের আলো/এনএ