রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে মনোনয়ন ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা কৃষক লীগের নারী বিষয়ক সম্পাদক হাবিবা বেগম। হাইকোর্টের নির্দেশে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে মনোনয়নপত্র পান তিনি।
বুধবার (২৮ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও রাজশাহী জেলা প্রশাসকের মুখপাত্র শাহরিয়ার ইসলাম নাফিস।
তিনি জানান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্দেশে রাজশাহী-৩ আসনের প্রার্থী হাবিবা বেগমের মনোনয়নপত্র গ্রহণ করা হয়। প্রতীক বরাদ্দের আদেশে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকায় অন্তর্ভুক্ত করে ফুটবল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
এর আগে, গতকাল মঙ্গলবার হাবিবাকে ফুটবল প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। এরপর প্রচারণাও শুরু করেছেন তিনি।
জানা গেছে, হাবিবা বেগম মনোনয়ন ফিরে পাওয়ায় রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে মোট সাতজন প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রার্থিতা ফিরে পাওয়ায় রাজশাহী জেলায় তিনিই একমাত্র নারী প্রার্থী বলে জানা গেছে।
হাবিবা বেগম মোহনপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি মোহনপুরের ঘাসিগ্রাম ইউনিয়নের সিংহমারা গ্রামের মাসুদ রানার স্ত্রী। এর আগে তিনি ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী আসনের সদস্য ছিলেন।
এছাড়াও হাবিবা বেগম মোহনপুর উপজেলা কৃষক লীগের সাবেক নারী বিষয়ক সম্পাদক। বিগত সময়ে পুলিশের হাতে কামড় দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। সেসময় তিনি গ্রেফতারও হয়েছিলেন। তা ছাড়া তৎকালীন এমপি আয়েনউদ্দিনের নির্দেশে নির্যাতনের শিকার হয়েছিলেন বলে তিনি দাবি করেন।
এফআর